পাঁচ শতাধিক বাড়িঘর বিলীন হুমকির মুখে বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা ঢলে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধর ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র হয়েছে। গত এক সপ্তাহে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া, উদাখালী ও গজারিয়া ইউনিয়নের পাঁচ শতাধিক ঘরবাড়ি, অসংখ্য গাছপালা ও আবাদি জমি বিলীন হয়েছে।কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ফেরিঘাট ও আশপাশের এলাকায় ব্যাপক ভাঙনে ইতিমধ্যে কুড়িগ্রাম-চিলমারী পাকা সড়কের প্রায় ১০ ফুট বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে বাঁধ। আতঙ্কে ঘাটের ব্যবসায়ীরা তাঁদের প্রতিষ্ঠান এবং নদের তীরবর্তী পরিবারগুলো বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।রমনা এলাকার দিনমজুর মঞ্জু মিয়া বলেন, ‘ভয় নাগে বাহে। আগোত দুইবার বাড়ি ভাংছে। এ্যালা রাস্তার পাশোত ছাপড়া তুলি থাকি। সেটা ভাংঙ্গি গেইলে কোটে যায়া দাঁড়ামো।’ শনিবার সকাল সাতটায় সরেজমিনে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতে রমনা ঘাট এলাকার পাকা সড়ক দেবে যাচ্ছে। তীব্র স্রোতে নদের পানিতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে তা পাড়ে লাগছে এবং বিকট শব্দে বিশাল বিশাল মাটির চাপ নদে ভেঙে পড়ছে। এ সময় মুদি দোকানদার নূরুল আমিন বলেন, ‘রাতে এমন ভাঙ্গন শুরু হইছে যে দোকান সরে নেওয়ার সময় দেয় না। মাটি দাবি যায়। অনেক কষ্টে দোকান রক্ষা করেছি।’ একই ধরনের কথা বলেন ছাদেক, নালটু, বকুলসহ কয়েকজন।নদীভাঙন প্রতিরোধ গণকমিটির সমন্বয়ক নাহিদ বলেন, চিলমারী বন্দর রক্ষায় কেউ এগিয়ে আসছে না। বাধ্য হয়ে দুই দিন আগে স্থানীয় মানুষ নদের ভাঙন রোধে বিশাল মানববন্ধন করে। ঘাটের উত্তর পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকা ধনুকের মতো ভেঙে গ্রাম-জনপদ গ্রাস করছে। দক্ষিণ পাশে ব্যাপক এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে চিলমারী ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু তাহের বলেন, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে চিলমারী বন্দর রক্ষায় একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন হলে কাজ করা যাবে।এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সৈয়দপুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে নয়টি স্থানে ভাঙন চলছে। এগুলো হচ্ছে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুরঘাট, বালাসি ফেরিঘাট, চিকিরপটল, উড়িয়া ইউনিয়নের উত্তর কালাসোনা, রসুলপুর ও রতনপুর, উদাখালী ইউনিয়নের সিংড়িয়া এবং গজারিয়া ইউনিয়নের কাতলামারি ও কামারপাড়া। গত এক সপ্তাহে এসব ইউনিয়নের পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। গৃহহীন হয়েছে তিন শতাধিক মানুষ। অনেকে নদীর তীর থেকে তাঁদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এ ছাড়া ফজলুপুর ইউনিয়নের চরকৃষ্ণমণি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, চিনিরপটল দাখিল মাদ্রাসা ও এরেন্ডাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে পড়েছে। ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, প্রতিষ্ঠান তিনটির ভবন নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদ্দৌলা বলেন, ভাঙন রোধে নদীর তীরে জিও ব্যাগ ফেলার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই ফুলছড়ি উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করা হবে।