পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ডুবোচরে 'বাগেরহাট-২'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা লঞ্চঘাট থেকে পাঁচ শর বেশি যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে লোহালিয়া নদীর ডুবোচরে আটকা পড়ে ‘এমভি বাগেরহাট-২’ নামের লঞ্চটি। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে যাত্রীদের বেশির ভাগই বিকল্প উপায়ে বাড়ি ফিরে গেছেন।

গলাচিপা ঘাট শ্রমিক সর্দার মো. শাহাবুদ্দিনের ভাষ্য, আজ দুপুর একটার দিকে পাঁচ শর বেশি যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে নাম প্রকাশ না করার শর্তে ওই লঞ্চের একাধিক যাত্রী দাবি করেন, লঞ্চটি কমপক্ষে ৮০০ যাত্রী নিয়ে যাত্রা করে।

বাগেরহাট-২ লঞ্চের পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, লঞ্চটি পটুয়াখালী লঞ্চঘাটের আগে লোহালিয়া নদীর ডুবোচরে আটকে যায়। এরপর ওই পথে চলাচলকারী ‘এমভি আসা-যাওয়া’ নামের আরেকটি লঞ্চ সেটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ‘বাগেরহাট-২’ লঞ্চের কিছু যাত্রী নিয়ে ‘আসা-যাওয়া’ লঞ্চটি চলে যায়।

লঞ্চ আটকে পড়ায় ইসমাইল নামের এক যাত্রী গলাচিপা ফিরে আসেন। তিনি বলেন, লঞ্চটি ডুবোচরে আটকে পড়ায় যাত্রীরা নৌকা ও ট্রলারের সাহায্যে তীরে উঠেছেন। কেউ কেউ অন্য লঞ্চে ঢাকা ফিরেছেন। বাকিরা বাড়ি ফিরে গেছেন। তিনি আরও বলেন, ঈদের ছুটি শেষে কালকের মধ্যে ঢাকায় ফেরা জরুরি ছিল। কিন্তু লঞ্চ আটকে যাওয়ায় সেটি আর সম্ভব হয়নি।

লঞ্চটি উদ্ধারের ব্যাপারে জানতে চাইলে লঞ্চটির পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, লঞ্চটি উদ্ধারের জন্য তাঁরা পরবর্তী জোয়ারের জন্য অপেক্ষা করছেন। জোয়ার হলে লঞ্চটি ডুবোচর থেকে নামানোর চেষ্টা করা হবে।