কিশোরগঞ্জ শহরে অনুমোদনহীন রিকশা ও অটোরিকশায় যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। শহরে পাঁচ শ অটোরিকশা চলার অনুমোদন থাকলেও চলছে প্রায় পাঁচ হাজার। রিকশা চলছে প্রায় দুই হাজারের জায়গায় আট হাজার।অনুমোদনহীন রিকশা ও অটোরিকশার কারণে যানজটে নষ্ট হয় শহরবাসীর মূল্যবান কর্মঘণ্টা। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠছেন স্থানীয় ব্যক্তিরা।পৌর কার্যালয়ের নিবন্ধন শাখার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, শহরে এক হাজার আট শ রিকশা চলার অনুমোদন রয়েছে। কিন্তু চলছে প্রায় আট হাজার। তা ছাড়া সম্প্রতি পাঁচ শ অটোরিকশাকে অনুমোদন দেওয়া হলেও শহরে চলছে পাঁচ হাজারের মতো। এই অবস্থায় রাস্তায় রাস্তায় যানজট নিত্যদিনের ঘটনা। স্থানীয় ব্যক্তিরা জানান, শহরের স্টেশন সড়ক, একরামপুর মোড়, নিউ টাউন, আখড়াবাজার, কাচারি বাজার, স্টেশন সড়ক, ঈশা খাঁ সড়ক, বড় বাজার ও বটতলা এলাকায় যানজট সবচেয়ে বেশি। শহরে রিকশা ও অটোরিকশার স্ট্যান্ড না থাকায় ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে যানজট লেগে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। এই অবস্থায় চালকদের মধ্যে হাতাহাতিও প্রতিদিনের ঘটনা। তা ছাড়া বাইরে থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাস-মিনিবাস অবাধে শহরে ঢুকে পরিস্থিতি আরও জটিল করে তুলছে।খরমপট্টি এলাকার বাসিন্দা আইনুল কবীর বলেন, শহরে অনুমোদনহীন রিকশা ও অটোরিকশা যানজটের অন্যতম কারণ। পৌর কর্তৃপক্ষ ও প্রশাসন নীরব থাকায় এ সমস্যা দিন দিন বাড়ছে। এ ছাড়া আছে এলোমেলোভাবে চলাচলকারী বাস-মিনিবাস। নাদিরা আক্তারসহ শহরের একাধিক অভিভাবক জানান, দুর্ঘটনার আশঙ্কায় তাঁরা বাচ্চাদের বিদ্যালয়ে পাঠিয়ে চিন্তায় থাকেন। তাই জরুরি কাজ ফেলে হলেও তাঁরা নিজেরা বাচ্চাদের বিদ্যালয়ে নিয়ে যান।পৌর মেয়র মো. মাজহারুল ইসলাম বলেন, গত মাসিক সভায়ও শহরের যানজট-পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, যানজট নিয়ন্ত্রণে ও অটোরিকশা অনুমোদন না দিতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ যদি সবাইকে নিয়ে যানজট নিরসনের উদ্যোগ নেয়, তবে এ সমস্যা কাটিয়ে ওঠা কঠিন বিষয় নয়।