পাঁচ শিক্ষকের নিবন্ধন সনদ ভুয়া!
বোদা উপজেলার হোসেনাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাঁচজন শিক্ষকের ‘শিক্ষক নিবন্ধন সনদ’ জাল বলে প্রমাণিত হওয়ার পরও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁদের মধ্যে দুজন নিয়মিত সরকারি বেতন-ভাতাও তুলছেন। রাজনৈতিক চাপে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, হোসেনাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. দেলদার হোসেন ওই পাঁচজন শিক্ষকের ‘শিক্ষক নিবন্ধন সনদ’ যাচাই করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ১০ জানুয়ারি এক পত্রে জানায়, পাঁচজন শিক্ষকেরই শিক্ষক নিবন্ধন সনদ জাল ও ভুয়া। একই পত্রে জেলা শিক্ষা কর্মকর্তাকে ওই শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত পাঁচ শিক্ষক হলেন: মো. কামরুল হাসান, মোহাম্মদ জামালউদ্দিন, মো. মোশারফ হোসেন, মোছা. সুরাইয়া বেগম ও মো. এহছানুল ইসলাম প্রধান।জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (বেশিনিক) ওই পাঁচজন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ জাল ও ভুয়া শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশ পেয়ে গত ১০ ফেব্রুয়ারি মাদ্রাসার তত্ত্বাবধায়ককে ভুয়া নিবন্ধনধারী শিক্ষকদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়। জবাবে তাঁরা নিজেদের বৈধ সনদের অধিকারী হিসেবে আবার মিথ্যা তথ্য উপস্থাপন করে প্রতারণার আশ্রয় নেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের উপপরিচালক (নিবন্ধন পরীক্ষা ও প্রত্যয়ন) মোছা. পারভীন আকতার বলেন, ‘উপরোক্ত পাঁচজনের সনদ যাচাই-বাছাই করে জাল ও ভুয়া বলে নিশ্চিত হয়েছি।’ মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. দেলদার হোসেন বলেন, জেলা শিক্ষা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও রাজনৈতিক চাপে তিনি ব্যবস্থা নিতে গড়িমসি করছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহারিয়ার বলেন, ‘রাজনৈতিক চাপে নয়, আইনগত কী ব্যবস্থা নেব তা বুঝে উঠতে পারছি না। তাই ব্যবস্থা নিতে দেরি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পরামর্শ চেয়েছি। তাঁর নির্দেশনা পেলেই ব্যবস্থা নেব।’