পাঁচ শিক্ষকের বিরুদ্ধে জিডি সহ-উপাচার্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী পাঁচ শিক্ষকের বিরুদ্ধে সহ-উপাচার্য শাহিনুর রহমান গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওই শিক্ষকেরা সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে জিডিতে অভিযোগ আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশ ও শাপলা ফোরামের একাংশের উদ্যোগে সংবাদ সম্মেলন করেন ওই দুই সংগঠনের নেতারা। এতে তাঁরা সহ-উপাচার্য শাহিনুরের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি, যৌন হয়রানি, জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততাসহ ১১টি অভিযোগ করেন। এই প্রেক্ষাপটে গতকাল দুপুরে সহ-উপাচার্য বাদী হয়ে ওই পাঁচ শিক্ষকের বিরুদ্ধে জিডি করেন। পাঁচ শিক্ষক হলেন: বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক মহাসচিব রাশিদ আসকারী, বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি জাকারিয়া রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের একাংশের সভাপতি মাহবুবুল আরফিন এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

শাহিনুর প্রথম আলোকে বলেন, ‘সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা আমার ব্যাপারে মানহানিকর বক্তব্য দিয়েছেন। ভবিষ্যতে তাঁরা আমার যেকোনো রকম ক্ষতি করতে পারেন, এমন আশঙ্কায় জিডি করেছি।’

শিক্ষক মাহবুবুল আরফিন বলেন, ‘একজন শিক্ষক হয়ে অপর শিক্ষকদের বিরুদ্ধে জিডি করা অত্যন্ত দুঃখজনক। সহ-উপাচার্য আমাদের আদর্শের জায়গাটি নষ্ট করছেন। এই প্রেক্ষাপটে সম্পূর্ণ তথ্য-উপাত্তের ভিত্তিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর ব্যাপারে সত্য জিনিসটি আমরা প্রকাশ করেছি মাত্র।’