পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানকে একাডেমিক স্বীকৃতি বাতিলের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নির্দেশ না মানা পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করে চিঠি দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল সোমবার এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনাকারী কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বোর্ড।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, একাডেমিক স্বীকৃতি বাতিল হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর শিক্ষাকার্যক্রম চালাতে পারবে না।
গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় ছয়টি প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে নির্দেশ দেয়। এর মধ্যে চারটি বাংলা মাধ্যমের এবং দুটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান। ভর্তির নীতিমালা অমান্য করে বছরের শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছিল এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় যুক্ত ব্যক্তি এবং কিছু শিক্ষকের গোঁয়ার্তুমির কারণে ছেলেমেয়েদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন অভিভাবকেরা। এ অবস্থায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে তাদের অভিভাবকেরা।
একাডেমিক স্বীকৃতি বাতিল করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেরন সান স্কুল অ্যান্ড কলেজ, মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং আইডিয়াল হাইস্কুল, বাংলাদেশ এলিমেন্টরি স্কুল ও মির্জা আহম্মেদ ইস্পাহানী উচ্চবিদ্যালয়।
ন্যাশনাল ইংলিশ স্কুল নামের আরেকটি স্কুলের স্বীকৃতিও বাতিলের আদেশ ছিল, কিন্তু স্কুলটি বোর্ডের অনুমোদন ছাড়াই এত দিন শিক্ষা কার্যক্রম চালাচ্ছিল। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির কোনো ধরনের স্বীকৃতি নেই। তাই এটি কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে কোন কোন শ্রেণিতে পাঠদান করা হয়, তার কোনো তথ্য বোর্ডের কাছে নেই। জেলা প্রশাসন সূত্র জানায়, নগরের চট্টেশ্বরী সড়কে এই বিদ্যালয়টি অবস্থিত।
এদিকে শিক্ষা বোর্ডের একাডেমিক স্বীকৃতি বাতিলের চিঠি গতকাল সন্ধ্যা পর্যন্ত পাননি বলে জানান মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও মেরন সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সানাউল্লাহ এবং মির্জা আহম্মেদ ইস্পাহানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান।