
ব্যাটারিচালিত টমটমসহ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করার পর সিলেট নগর এখন আগের চেয়ে অনেকটা যানজটমুক্ত। তবে নিজস্ব পার্কিংব্যবস্থা না থাকায় নগরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কারণে ভরদুপুরে বা বিকেলে যানজট দেখা যায়। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় একবার গাড়ির জটলা লেগে গেলে তার প্রভাব পড়ে পুরো নগরে। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী-অভিভাবকসহ সবাই।
এগুলো হলো কালীঘাট এলাকার সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, জিন্দাবাজারের সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, মীরের ময়দানে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, ইলেকট্রিক সাপ্লাই এলাকায় স্বলার্সহোম এবং সুবিদবাজার-পাঠানটুলায় আনন্দ নিকেতন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।
শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে কোনো ধরনের পার্কিংব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই সড়কের একাংশ দখল করে গাড়ি রাখতে হচ্ছে। সড়কের এপাশ-ওপাশে সারি সারি গাড়ি দাঁড় করিয়ে রাখায় মাঝ সড়কে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের ওঠানো-নামানো হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজটের।
মীরের ময়দানের বাসিন্দা আজমল হোসেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘ব্লু-বার্ড, স্কলার্সহোম ও আনন্দ নিকেতনে প্রচুর গাড়ি আসে। এসব এলাকার বাসিন্দাদের যানজটের মুখোমুখি হতে হয়। এলাকাবাসীর কথা বিবেচনা করে এসব প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং তৈরি করা জরুরি হয়ে পড়েছে।’
সরেজমিনে বিদ্যালয়গুলোর সামনে সড়কের দুই পাশে সারি সারি গাড়ি দেখা গেছে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে।
ইলেকট্রিক সাপ্লাই রোডে কথা হয় সিএনজিচালিত অটোরিকশার একাধিক চালকের সঙ্গে। তাঁদের একজন তিক্ততার সঙ্গে বলেন, ‘সকালে বা দুপুরে এই রাস্তায় ঢুকছেন তো মরছেন! একবার এই রাস্তায় যানজটে পড়লে ঘণ্টা-দেড় ঘণ্টার আগে বের হওয়া সম্ভব হয় না।’
সুবিদবাজারের স্থায়ী বাসিন্দা ইয়াসিন বলেন, ‘কোনো ধরনের পার্কিংব্যবস্থা না থাকলেও নগরে যত্রতত্র স্কুল-কলেজ গড়ে উঠছে। বিদ্যালয়ের অনুমোদন দেওয়ার আগে অন্তত যেন নিজস্ব পার্কিংব্যবস্থা তৈরির বিষয়টিতে গুরুত্বারোপ করা হয়।’
মহানগর পুলিশের ট্রাফিক দপ্তর জানায়, নগরে যানজটের অন্যতম কারণ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে কোনো পার্কিংব্যবস্থা না থাকা। এ বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার আলোচিত হয়েছে। জেলা প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছেও একাধিকবার বিষয়টি উত্থাপন করা হয়েছে। নগরবাসীর দুর্ভোগ ও ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিগগিরই নিজস্ব পার্কিংব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া উচিত বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করেছেন।
তবে মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. আক্রাম হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগে স্কুলবাস চালু করলে সহজেই এ সমস্যার সমাধান করা সম্ভব। কারণ, তখন আর শিক্ষার্থীদের নিজস্ব গাড়ি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হবে না। শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি থেকে স্কুলে যাওয়া-আসাও করতে পারবে। এতে অভিভাবকদের ভোগান্তি ও দুশ্চিন্তা—দুটিই কমবে। তখন আর গাড়ির জটলা হবে না, তাই যানজটও অনেকটাই কমে যাবে।’
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম পদাধিকারবলে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি। তিনি বলেন, ‘যে সময় সরকারি দুটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, তখন শহরে এত গাড়ি ছিল না। অপর তিনটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সবচেয়ে বেশিসংখ্যক উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা পড়ালেখা করে। এ কারণে প্রচুরসংখ্যক গাড়ি ব্যবহৃত হয়। আর এলাকায় যানজট মাত্রাতিরিক্ত আকার ধারণ করছে। আমি নিজেও একাধিকবার এ ধরনের যানজটের কবলে পড়েছি। আমার মনে হয়, স্কুলবাস চালু হলে যানজটের সমস্যা অনেকটাই দূর হবে।’