পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে বর্জ্যের ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে স্থাপিত বর্জ্যের ভাগাড় শিক্ষার্থীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ভাগাড়ে আশপাশের বাসিন্দারা দিনভর ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়ায়। এতে স্কুলের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে শিক্ষকেরা জানিয়েছেন।
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখা থেকে জানা যায়, নগরের পুলিশ লাইনস এলাকার পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়, মীরাবাজার এলাকার কিশোরীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াসড়ক এলাকার কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়, মীরাবাজার এলাকার মডেল হাইস্কুল এবং বন্দরবাজার এলাকার দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌরসভা আমলে এসব ভাগাড় স্থাপন করা হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।
নগরের প্রধান সড়কগুলোর পাশে এসব ভাগাড়ের অবস্থান হওয়ায় শিক্ষার্থীরা ছাড়াও পথচারীদের নিয়মিত দুর্গন্ধ সঙ্গী করে পথ চলতে হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, অনেক আগে প্রায় জনবসতিশূন্য হওয়ায় এসব ভাগাড় সংশ্লিষ্ট স্থানগুলোতে নির্মাণ করা হয়। তবে ভাগাড়গুলো নির্মাণের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থাকলেও সেটা বিবেচনায় রাখা হয়নি। সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট স্থানগুলো অনেক জনবহুল ও ব্যস্ততম এলাকায় পরিণত হওয়ায় এলাকাবাসী ভাগাড়গুলো সরানোর দাবি জানিয়ে আসছেন।
সরেজমিনে দেখা গেছে, ভাগাড়ে দিনভর স্থানীয় লোকজন ময়লা-আবর্জনা ফেলছেন। অনেকে আবর্জনা ভাগাড়ের ভেতরে না ফেলে পাশেই ফেলে রাখছেন। এতে সারাক্ষণ এসব এলাকায় দুর্গন্ধ লেগেই থাকে। কাক ও কুকুর খাদ্যের খোঁজে ভাগাড়ে ঢুকে আর্বজনা যত্রতত্র নিয়ে ফেলছে। এতে দুর্গন্ধের মাত্রা অসহনীয় মাত্রায় বেড়ে গেছে।
পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম জানান, তাঁর বিদ্যালয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিদিন বিদ্যালয়ে আসার পথে এসব শিক্ষার্থীকে দুর্গন্ধে নাকাল হতে হয়। শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আবর্জনার ভাগাড়টি অপসারণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখায় লিখিত আবেদন করেছে। কিন্তু এতে কাজের কাজ কিছুই হচ্ছে না।
নগরে আবর্জনার ভাগাড়গুলো বেছে বেছে কেন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেই স্থাপন করা হয়েছে—এ নিয়ে একাধিক শিক্ষার্থী ও শিক্ষক প্রশ্ন তুলেছেন। তাঁরা জানান, দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বিদ্যালয়গুলোর ঠিক সামনেই ভাগাড় থাকায় সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য-ঝুঁকি তৈরি হয়েছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তারা দাবি করেছেন, সকাল, বিকেল ও রাত—এ তিন বেলা নগরের ময়লা-আবর্জনা নিয়মিত ভাগাড়গুলো থেকে অপসারণ করা হয়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের ভাগাড়গুলো থেকে আবর্জনা অপসারণের জন্য বেশি গুরুত্বারোপ করা হয়। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ঢোকার আগেই ময়লা অপসারণ করে থাকেন পরিচ্ছন্নতাকর্মীরা। এরপর সেসব স্থানে দুর্গন্ধ ও জীবাণুনাশক পাউডার ছিটিয়ে দেওয়া হয়।
কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র আদিত্য জানান, ২১ আগস্ট বিদ্যালয়ে সিটি মেয়রের উপস্থিতিতে একটি সভা হয়। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের সামনের ভাগাড়টি অপসারণের জন্য সিটি কর্তৃপক্ষকে অনুরোধ জানায়। এর আগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছেও একই দাবি জানানো হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ভাগাড়গুলো সরানোর ব্যাপারে সিটি করপোরেশনের চিন্তাভাবনা রয়েছে। অন্যত্র জায়গা না পাওয়ায় সরানোও সম্ভব হচ্ছে না। তবে যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য ভাগাড়গুলো নিয়মিত পরিচ্ছন্ন রাখা হয়।