পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ভাটা
এক কিলোমিটারের মধ্যে চারটি ইটভাটা। এর পরও আরও তিনটি নতুন ভাটা করা হচ্ছে। এর মধ্যে একটি করা হচ্ছে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ থেকে ৫০০ গজের মধ্যে। এটি বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামে।ভাটাটি চালু হলে ধোঁয়া, ধুলা ও শব্দের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত এবং শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ও ইট পোড়ানো আইন লঙ্ঘন করে ভাটাটি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, দুরুলিয়া গ্রামে শাজাহানপুর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, দুরুলিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুবলাগাড়ী ডিগ্রি কলেজ, দুরুলিয়া দাখিল মাদ্রাসা ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নতুন ভাটা করা হচ্ছে। ভাটার নাম এনএমবি ব্রিকস। এর মালিকের নাম নজরুল ইসলাম ওরফে কাজী নূর। ইটভাটার মাত্র ১০০ গজের মধ্যে রয়েছে দুরুলিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে (১৯৮৯) উল্লেখ করা হয়েছে, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষিজমি ও ফলের বাগানের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা করা যাবে না। অথচ এনএমবি ব্রিকস নামের ইটভাটাটি পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই গড়ে তোলা হচ্ছে। জেলা প্রশাসন থেকে সেখানে ইটভাটা স্থাপনের জন্য অস্থায়ীভাবে নিবন্ধন দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র না দিলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাচ্ছেন ইটভাটার মালিক। দুরুলিয়া এলাকার বাসিন্দা মন্টু বলেন, কৃষিজমি ও গ্রামগঞ্জে ইটভাটা উচ্ছেদ ও প্রস্তাবিত ইটভাটা বন্ধের দাবিতে দুরুলিয়া গ্রামের কৃষকেরা আন্দোলন করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের চাপে নতুন ইটভাটা নির্মাণ বন্ধ হয়নি। দুরুলিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান জানান, নির্মাণাধীন ইটভাটাটি তাঁদের বিদ্যালয়ের কাছে। প্রতিদিন ট্রাকে করে নির্মাণসামগ্রী আনা হয়। ট্রাক আসায় রাস্তার ধুলা শ্রেণীকক্ষে ঢোকে। এতে শিক্ষার্থীদের শ্বাস নিতে কষ্ট হয় এবং বই ও বেঞ্চের ওপর ধুলার আস্তরণ পড়ে যায়। ট্রাক চলাচলের বিকট শব্দে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন্নাহার অনাপত্তিপত্র দেওয়ার কথা অস্বীকার করে জানান, ব্যবস্থাপনা কমিটি রেজ্যুলেশনের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন দপ্তরে নির্মাণাধীন ভাটাটি বন্ধের জন্য চিঠি দিয়েছেন। শাজাহানপুর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন জানান, ইটভাটা নির্মাণের জন্য তিনি কোনো অনাপত্তি দেননি। দুবলাগাড়ী কলেজের অধ্যক্ষ আবদুল মতিন জানান, তিনি লিখে দিয়েছেন সরকারি বিধি মোতাবেক ভাটা হলে তাঁর কোনো আপত্তি নেই।ইটভাটার মালিক নজরুল ইসলাম জানান, ভাটা সব নিয়ম মেনে করা হচ্ছে। তিনি দাবি করেন, পাশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ গ্রামবাসীর অনাপত্তিপত্র নেওয়া হয়েছে। পরিবেশের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের কাছ থেকে নিবন্ধনও নিয়েছেন। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক ছায়েফুল্লাহ তালুকদার জানান, তাদের (এনএমবি ব্রিকস) পরিবেশের ছাড়পত্র দেওয়া হয়নি। তাঁর স্বাক্ষরিত ছাড়পত্র ইটভাটার মালিক এই প্রতিবেদককে দেখিয়েছেন বললে তিনি জানান, তা জালিয়াতি করে করা হতে পারে। তা ছাড়া জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদকও জানেন ছাড়পত্র না থাকায় তাঁকে (নজরুল ইসলাম) মালিক সমিতির সদস্য করা হয়নি। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুজ্জামান জানান, শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে ওই ইটভাটাকে নিবন্ধন দেওয়া হয়েছে। ইট তৈরির আগেই তাঁকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। তা না হলে তাঁর নিবন্ধন বাতিল করা হবে।