পাঁচ শিক্ষার্থীকে কামড়ে দিলেন অধ্যক্ষ!
চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম পাঁচ শিক্ষার্থীকে কামড়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এবং পরীক্ষার ফল বিপর্যয়কে কেন্দ্র করে গত সোমবার ছাত্রীদের বিক্ষোভের সময় এ কাণ্ড ঘটান তিনি।
ফলাফল পুনর্মূল্যায়ন এবং অধ্যক্ষ ও তাঁর সহযোগী এক শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল মঙ্গলবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য কলেজটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা জানান, গত সোমবার বিভিন্ন ব্যাচের পরীক্ষার প্রকাশিত ফল প্রকাশিত হয়। এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ২৫৭ পরীক্ষার্থীর ১৪৭ জনই অকৃতকার্য হন। এরপর ওই দিন বিকেল চারটায় পাঁচ শিক্ষার্থী অধ্যক্ষের কক্ষে ঢুকে পরীক্ষায় তাঁদের ফল বিপর্যয়ের কারণ জানতে চান। এ সময় তিনি একে একে তাঁদের হাতে কামড়ে দেন।
চট্টগ্রাম নার্সিং কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পিংকি চৌধুরী বলেন, ‘বিকেল চারটায় আমরা অধ্যক্ষের কক্ষে গিয়ে তাঁর হাতে-পায়ে ধরে অনুনয়-বিনয় করে আমাদের ফল বিপর্যয়ের কারণ জানতে চাই। এ সময় তিনি রেগে গিয়ে আমার ডান হাতের তর্জনীতে কামড়ে দেন। এরপর এক সহপাঠী আমাকে ছাড়ানোর চেষ্টা করলে তিনি তাঁকেও কামড়ে দেন। এভাবে আমি ছাড়াও চার ছাত্রীকে কামড় দিয়ে আহত করেছেন তিনি। কোনো শিক্ষক এ রকম আচরণ করতে পারেন, তা আমাদের কল্পনাতেও ছিল না।’
শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অকৃতকার্য করিয়ে দেন তিনি।
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ হোসনে আরা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটা মোটেও সত্য নয়। এটা তাদের সাজানো কথাবার্তা।’ শিক্ষার্থীদের ফল বিপর্যয়ে তাঁর কোনো হাত নেই এবং সংশ্লিষ্ট পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করেন বলে বলেও তিনি দাবি করেন।
অধ্যক্ষ আরও বলেন, ‘আমি শিক্ষার্থীদের ডেকে আলোচনায় বসতে চেয়েছি। কিন্তু কেউ না আসায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি।’ তবে এ বক্তব্য নাকচ করে পিংকি চৌধুরী বলেন, ‘আমাদের কাউকে ডাকা হয়নি। অধ্যক্ষ একাই সিদ্ধান্ত নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা হল ছাড়ব না। বৈঠক করে আমাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে।’