পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাঁচ শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের পাঁচ শিক্ষার্থীকে গত মঙ্গলবার আটকে রেখে নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে দুমকি-বাউফল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আলী আদনান, শাওন কুমার বাইন, শিবাজি মণ্ডল, ইরতেজা ও মোশতাক হাসান পাশের বাকেরগঞ্জের নলুয়া গ্রামের পায়রা নদীতে বেড়াতে যান। বিকেলে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে ১০-১২ জন দুর্বৃত্ত তাঁদের নদীর তীরে আটকে রেখে বেধড়ক মারধর করে। এ সময় দুর্বৃত্তরা শিক্ষার্থীদের কাছ থেকে সাতটি মুঠোফোন ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে আরও টাকার জন্য আটকে রাখে। পাঁচ ঘণ্টা পর খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীরা ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা শিক্ষার্থীদের ছেড়ে পালিয়ে যায়।
পরদিন বুধবার ক্যাম্পাসে এ ঘটনার কথা ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শিক্ষার্থীরা গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে দুমকি-বাউফল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব কটি গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা চালান।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস বলেন, পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (দুমকি-বাউফল সার্কেল) সাইফুল ইসলাম মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি বাকেরগঞ্জ এলাকায় ঘটেছে। ওই থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ লক্ষ্যে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মোহাম্মদ আলীর কার্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থী, ভুক্তভোগী শিক্ষার্থী, পুলিশ প্রশাসন এবং প্রক্টরিয়াল বডি বৈঠকে বসে।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মোহাম্মদ আলী বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।