পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান আবাসিক হল থেকে পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ক্যাম্পাসে মারামারির ঘটনায় তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বুধবার ওই পাঁচ শিক্ষার্থী হল ছেড়েছেন বলে জানা গেছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফুরকান আহমেদ খান, রাশিদুজ্জামান, রাশেদ হাসান ও আবদুস সামাদ এবং ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের সারোয়ার হোসেন। বহিষ্কৃত শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, গত সোমবার রাজন তাঁর নিজের ফেসবুক পৃষ্ঠায় নারীসংক্রান্ত একটি লেখা প্রকাশ করেন। এতে নারীকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করে লেখাটি প্রত্যাহার করতে তাঁকে অনুরোধ করেন সারোয়ার। এ নিয়ে বিরোধের জের ধরে সারোয়ার ওই দিন বিকেলে রাজনকে মারধর করেন। পরে রাতে রাজন তাঁর বন্ধুদের নিয়ে সারোয়ারকে পিটিয়ে জখম করেন। সারোয়ারকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গত মঙ্গলবার জরুরি বৈঠক ডেকে জড়িত পাঁচজনকে আবাসিক হল থেকে বহিষ্কারের আদেশ দেয়।