পাঁচ শিক্ষার্থীর ফরম পূরণের টাকা দিলেন একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাদা ম্যাচ কারখানার শ্রমিকদের ১৩ সন্তানের মধ্যে পাঁচজনকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ছয় হাজার টাকা দিয়েছেন এক শিক্ষক। গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষক দাদা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ে এসে ওই টাকা দেন।নগরের রূপসা এলাকায় অবস্থিত দাদা ম্যাচ কারখানা তিন বছর ধরে বন্ধ রয়েছে। এ কারণে ওই কারখানার সাত শতাধিক শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের মধ্যে ১৩ জন শ্রমিকের ১৩ সন্তানের এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু ফরম পূরণের টাকা জোগাড় করতে না পারায় তাদের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘শ্রমিকদের ১৩ সন্তানের এসএসসির ফরম পূরণ অনিশ্চিত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।এই প্রতিবেদন পড়ে খুলনার একটি বিদ্যালয়ের শিক্ষক গোপাল চন্দ্র সরদার গতকাল বেলা ১১টায় দাদা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন গাজীর সঙ্গে কথা বলেন। পরে তিনি শ্রমিকদের সন্তানদের মধ্যে সবচেয়ে দরিদ্র পাঁচজন অমিত চন্দ্র, সুমি আকতার, মো. জাকির, মাহফুজা তালুকদার ও সুদিপ্ত রায়ের হাতে ফরম পূরণের জন্য বোর্ড ফি বাবদ এক হাজার ২০০ টাকা করে তুলে দেন।