পাঁচ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরের সালনা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তাঁরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের দুই প্রবেশপথে তালা ঝুলিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মান দ্বিতীয় বর্ষের দুজন ও তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থীর ভর্তি বাতিলের নোটিশ পেয়ে গতকাল সকালে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল ১০টার দিকে দেড় শতাধিক শিক্ষার্থী কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে মিছিল বের করে। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথে অবস্থান নেন। এখানে তাঁরা প্রতিবাদ সমাবেশ করেন। আন্দোলনকারীরা বলেন, তৃতীয় বর্ষে এসে ছাত্রত্ব বাতিল হওয়া অমানবিক ঘটনা ও চরম হতাশার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দ সাংবাদিকদের বলেন, কোনো শিক্ষার্থী পর পর তিন টার্ম গড়ে জিপিএ ২.৫-এর নিচে পেলে তাঁকে অকৃতকার্য হিসেবে গণ্য করে ভর্তি বাতিল করা হবে—এটি বিশ্ববিদ্যালয়ের সংবিধিতে পরিষ্কারভাবে উল্লেখ আছে। ভর্তির নির্দেশিকাতেও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে। তাই এ ব্যাপারে কিছুই করার নেই।উপাচার্য বলেন. তবে শিক্ষার্থী ও অভিভাবকদের আবেদনের প্রতি সম্মান জানিয়ে বিষয়টি আগামী একাডেমিক কাউন্সিলে উত্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।