প্রায় এক মাস বিরতির পর আবারও দূষণবিরোধী অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। গত সোমবার দূষণের অভিযোগে সাভার ও আশুলিয়া এলাকার পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানকে প্রায় ৭৭ লাখ টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের নতুন এনফোর্সমেন্ট পরিচালক মো. আলমগীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।জরিমানা করা শিল্প-কারখানাগুলোর মধ্যে রয়েছে সাভারের আল-মুসলিম ওয়াশিং লি., আনলিমা টেক্সটাইল মিলস লি. ও সুরমা গার্মেন্টস লি. (ডায়িং ও নিটিং)। এ ছাড়া আশুলিয়া এলাকার পার্লস অ্যান্ড পাউচ লি. এবং লন্ড্রি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে জরিমানা করা হয়। এদের বিরুদ্ধে বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) থাকা সত্ত্বেও বন্ধ রাখা এবং ত্রুটিযুক্ত ইটিপি থাকার অভিযোগের প্রমাণ পান পরিবেশ অধিদপ্তরের কর্মীরা। এসব শিল্প-কারখানা থেকে দূষিত বর্জ্য প্রবাহিত হয়ে পার্শ্ববর্তী বংশী ও তুরাগ নদ দূষণ করে আসছিল। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দলের ঝটিকা অভিযানে এসব শিল্প-কারখানার দূষণের ঘটনা উদ্ঘাটন করা হয়। উল্লেখ্য, তুরাগকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর জানান, ‘পরিবেশদূষণকারী এসব শিল্প-কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সংকটাপন্ন নদীগুলোর প্রতিবেশগত অবস্থার উন্নয়ন ঘটানো হবে।’