পাঁচ শিশু সাহিত্যিক পেলেন এম নুরুল কাদের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৪ পেলেন পাঁচজন লেখক। গতকাল শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১৫ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হালিম আজাদ, সৈয়দ নাজাত হোসেন, খন্দকার মাহমুদুল হাসান, আহমেদ রিয়াজ ও বিপ্লব চক্রবর্তী। এ ছাড়া কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে পদ্মা রহমানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। একই সময়ে এম নুরুল কাদের ফাউন্ডেশন আয়োজিত দেশব্যাপী মুক্তিযুদ্ধের তথ্য, বই পড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৯৭ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমরা যে দেশে বাস করি, সেটা নানা উত্থান-পতনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। এ দেশের শিশু-কিশোরেরা নানা ক্ষেত্রে নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছে। আমাদের সাহিত্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে সমর্থ হয়েছি। এগুলো আমাদের পরম অর্জন।’
অনুষ্ঠানের আয়োজক এম নুরুল কাদের ফাউন্ডেশনের চেয়ারপারসন রোকেয়া কাদেরের সভাপতিত্বে এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ফাউন্ডেশনের সাম্মানিক সাধারণ সম্পাদক মোস্তফা হোসেইন প্রমুখ বক্তব্য দেন।