পাঁচ শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশি শিশুর মধ্যে তিনজনকে গতকাল সোমবার ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে সাতাফুল ইসলাম (১৩), মন্টু আলী (৯) ও রায়হান খানকে (৮) বিডিআরের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া ২০০৭ সালে সীমান্ত এলাকা থেকে আটক দুই শিশুকেও ফেরত দিয়েছে বিএসএফ।গত ২৩ জুলাই ভোরে জেলার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর গ্রামের ওই তিনজন এবং পানিয়া মোহাম্মদ (১৫) ও সালাহউদ্দিন আহম্মদকে (১৪) ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। বাংলাদেশের পক্ষে বিডিআর দিনাজপুর ২ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইফতেখার আহমেদ এবং ভারতের ১২০ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক দীপক কুমার মণ্ডল পতাকা বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। বিডিআর দিনাজপুর ২ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইফতেখার আহমেদ বলেন, ‘পানিয়া ও সালাহউদ্দিনকে বিএসএফ ফেরত দেয়নি। এ ব্যাপারে বিএসএফের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্যও পাওয়া যায়নি।’ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না তাও জানেন না বলে জানান মেজর ইফতেখার। তবে জানা গেছে, বয়স বেশি হওয়ায় তাদের ছাড়া হচ্ছে না। এ ব্যাপারে বিএসএফের মালন ক্যাম্পের ইন্সপেক্টর সুমিল ভোর জানান, ‘বৈজ্ঞানিক প্রদ্ধতিতে পরীক্ষা করার পর পানিয়া ও সালাউদ্দিনের বয়স আঠারোর বেশি বলে প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে। তাদের কর্নজোড়া আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।’ মুক্তি পাওয়া সেতাবুল জানায়, গত শুক্রবার শেষবার পনিয়া ও সালাউদ্দিনকে দেখেছে তারা। এরপরই ওই দুজনকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। বিএসএফের কাছ থেকে বুঝে নেওয়ার পর মুক্তি পাওয়া তিন শিশুকে নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে পতাকা বৈঠকে কৃষ্ণ চন্দ্র বর্মণ (১৫) ও অনিমা রানী (১২) নামের আরও দুই শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ। এই দুই শিশুর বাবা মদন চন্দ্র রায় ও মা মালতি রানী সন্তানদের নিতে দানাজপুর সীমান্তে উপস্থিত ছিলেন। মদন চন্দ্র ও মালতি জানান, ২০০৭ সালের অক্টোবরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোধগাঁও সীমান্ত থেকে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে তাঁরা ধরা পড়েন। বিএসএফের সদস্যরা দুই সন্তানসহ তাঁদের ধরে নিয়ে যায়। গত ৩০ জুন তাঁরা ছাড়া পান। কিন্তু কগজপত্রে জটিলতার কারণে ওই সময় দুই সন্তানকে ছাড়া হয়নি। গতকাল তাঁরা সন্তানদের ফিরে পান।