পাঁচ শিশুসহ ছয় জেলায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার পাঁচ শিশুসহ নয়জন নিহত হয়েছেন। এ নিয়ে ১০১ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ৮৮০।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা পাঠিয়েছেন বিস্তারিত:
ফরিদপুরের সদরপুরে দুর্ঘটনায় নিহত হয়েছে দুটি শিশু। সকালে আকোটেরচর ইউনিয়নের বটতলা নামক এলাকায় শাহা পত্তনদারের বাড়ির সামনে মনিকোঠা-পিয়াজখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটি হলো ওই এলাকার সৌদিপ্রবাসী মুজাম খানের ছেলে জিহাদ খান (৭) ও রতন খানের মেয়ে নুসরাত (৮)।
ফরিদপুরের ভাঙ্গায় আরেকটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নসিমনচালক আজিজুল মোল্লা (৪০)। ভোরে ভাঙ্গা পৌর এলাকার নূরপুর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর বাজারে সকালে এক দুর্ঘটনায় পরশ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুঠিয়া উপজেলার বড়ুয়াপাড়া গ্রামের মো. মাহতাব হোসেনের ছেলে পরশ পেশায় শ্রমিক ছিলেন। বগুড়ার ধুনটে ঊর্মি খাতুন (৭) নামের এক শিশুশিক্ষার্থী ভটভটির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।
মৌলভীবাজার-শেরপুর সড়কের সদর উপজেলার কামালপুর এলাকার নতুন ব্রিজের কাছে দুপুরে মিনি ট্রাকচাপায় রুজিনা বেগম (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমায় সকালে সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশা উল্টে গেলে চালক ও এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামের মারজান (১৯) ও দক্ষিণ সুরমার সুফিয়ান মিয়ার ছেলে আদিল মিয়া (৩)।
বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলার পুরোনো সড়কের নোমর মোড় নামক স্থানে দুপুরে সড়ক দুর্ঘটনায় মানিক মুন্সি (৩০) নামের একজন নিহত হয়েছেন।