টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে এক পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার আসামি পাঁচ পরিবহনশ্রমিক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার আসামিরা টাঙ্গাইলের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া শ্রমিকনেতারা হলেন টাঙ্গাইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সেলিম মিয়া, সহসাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন জালু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ মিয়া ও প্রচার সম্পাদক সেলিম মিয়া। এ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ওই নারীকে ধর্ষণের ঘটনা মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হাসান মোস্তফা ওই পাঁচজনকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।
গত শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী থেকে মধুপুর যাওয়ার পথে বিনিময় পরিবহনের একটি বাসে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বাসচালক, চালকের সহযোগী, বাসের তত্ত্বাবধায়ক ও ওই পাঁচ পরিবহনশ্রমিক নেতাসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়। পরে পুলিশ চালক হাবিবুর রহমান, চালকের সহযোগী রেজাউল করিম ও তত্ত্বাবধায়ক আবদুল খালেককে গ্রেপ্তার করে। পৃথকভাবে তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে এ মামলায় আট আসামি কারাগারে আছেন। একজন আসামি পলাতক।