পাঁচ সচিব, ডিসিসহ ১১ কর্মকর্তাকে বেলার নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধোপাজান নদ থেকে বোমা মেশিন ও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে পাঁচ মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা।
ঢাকা থেকে ১৪ জুলাই সমিতির আইনজীবী ইকবাল কবির ওই নোটিশ দিয়েছেন। ‘নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস’ শিরোনামে পাঠানো পত্রে পাঁচ দিনের মধ্যে ওই বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাতে কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এতে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ওপর দিয়ে বয়ে চলা ধোপাজান নদ থেকে অননুমোদিত ও অপরিকল্পিতভাবে বোমা মেশিন ও ড্রেজার দিয়ে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে। এসব যন্ত্র দিয়ে নদের প্রায় ৬০ থেকে ৭০ ফুট নিচ থেকে বালু ও পাথর ওঠানো হচ্ছে। এতে নদ ও নদসংলগ্ন এলাকা মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। নদের তলদেশে বিশাল গর্তের সৃষ্টি হয়ে নদের স্বাভাবিক গতিপথও পরিবর্তিত হচ্ছে। সেই সঙ্গে বাঁধ, ঘরবাড়ি ও নদের পাড় ভেঙে বিলীন হচ্ছে। এলাকার মাটির গঠন দুর্বল হয়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে যে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে, তা প্রতিরোধ করা ওই কর্মকর্তাদের দায়িত্ব ছিল; যা তাঁরা পালনে ব্যর্থ হয়েছেন।
জেলা প্রশাসক মুহামঞ্চদ ইয়ামিন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন ছাড়াও পরিবেশ ও বন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ও বিশ্বম্ভরপুরের ইউএনওকে নোটিশ দেওয়া হয়েছে।
বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদা আক্তার বলেন, তাঁদের পদক্ষেপ নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।