পাঁচ সচিবসহ ১১ জনের প্রতি আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের চারটি নদ-নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা অনুসরণ না করায় পাঁচ সচিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।রুলে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পরিকল্পনাসচিব, নৌপরিবহনসচিব, যোগাযোগসচিব, অর্থসচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, ভূমি জরিপ ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ রক্ষায় হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুসারে এসব নদ-নদীতে অবস্থিত স্থায়ী-অস্থায়ী স্থাপনা অপসারণ না করায় আদালত অবমাননার অভিযোগ এনে গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। গতকাল শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। শুনানিতে এম কে রহমান বলেন, আদালত অবমাননার আবেদনে বিবাদীর নাম উল্লেখ করতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি। এ নিয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছে। তাই আবেদনটি গ্রহণযোগ্য নয়। এর বিরোধিতা করে মনজিল মোরসেদ বলেন, ‘নাম উল্লেখ ছাড়াও আদালত অবমাননার আবেদন করা হয়েছে। তাতে আদালত রুলও জারি করেছেন। সময় চেয়ে আবেদন করা হয়েছে বলা হলেও আমি এ ধরনের আবেদনের বিষয়ে অবহিত নই।’ দুই পক্ষের শুনানি নিয়ে আদালত আদেশ দেন।