পাঁচ সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছে দুদক
স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞাসহ চার সচিব ও একজন যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সনদ নেওয়ার প্রক্রিয়ায় যে অনিয়মের অভিযোগ উঠেছে, দুদকের তদন্তে তার সত্যতা মিলেছে।
গতকাল সোমবার দুদকের পক্ষ থেকে এই সুপারিশ করে জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অভিযুক্ত সচিবেরা হলেন সদ্য ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান) এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, সনদ নেওয়ার প্রক্রিয়ায় ত্রুটি পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা নিতে এবং গেজেট বাতিল করার সুপারিশ করে চিঠি পাঠাতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
সরকারি কর্মকর্তাদের এ ধরনের অপরাধের জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান বলেন, আইনানুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা যাবে। এ ছাড়া যদি প্রতারণার প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রতারণার মামলাও হতে পারে।
দুদকের পক্ষ থেকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করলেও সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পস্ট করা হয়নি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তিনি এখনো চিঠিটি পাননি। তবে অবশ্যই দুদকের সুপারিশ অনুযায়ী পাঁচ সচিবের সনদ ও গেজেট বাতিল করবেন। কোন প্রক্রিয়ার তাঁরা সনদ নিয়েছেন এবং কারা দিয়েছেন, তা-ও তিনি খতিয়ে দেখবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী গত রাতে জানান, তিনি চিঠি হাতে পাননি। চিঠি পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ‘চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শিরোনামে গত ২২ জানুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সরকারি নিয়ম অনুযায়ী, চাকরিতে যোগদানের সময়ই নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিতে হয়। কিন্তু এই শীর্ষ কর্মকর্তারা চাকরির শেষ সময়ে এসে নিজেদের মুক্তিযোদ্ধা ঘোষণা করে সনদ নিয়েছেন।
দুদকের কর্মকর্তারা বলেন, আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ নেই বলে তাঁরা মামলা করতে পারছেন না। এ জন্য এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে বলা হয়েছে।
যাঁরা ভুল তথ্য দিয়ে চাকরির মেয়াদ বাড়িয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। এ পর্যন্ত ১৮২ জন সরকারি কর্মকর্তার সনদ বাতিল করা হলেও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশ ছাড়া এ পর্যন্ত যত সনদ দেওয়া হয়েছে, তা বাতিলের সুপারিশ করেছে মন্ত্রণালয়। জামুকার সুপারিশ ছাড়া সনদ নেওয়ার সংখ্যা তিন হাজারেরও বেশি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এই পাঁচ সচিবও জামুকার সুপারিশ ছাড়াই মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন।
গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ১১ হাজার ১৫০ জন। সচিব থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, ব্যাংকারও রয়েছেন তাঁদের মধ্যে।
আওয়ামী লীগের গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এই আমলেও তা চলছে। গত ৬ আগস্ট নতুন করে জামুকা গঠন করা হয়েছে। এখনো মুক্তিযোদ্ধা সনদ চেয়ে আবেদন আসছে এবং এগুলো যাচাই-বাছাই করছে জামুকা।