পাঁচ সড়কের কাজ ফেলে ঠিকাদারেরা উধাও
বগুড়ার শেরপুর উপজেলার পাঁচটি গ্রামীণ সড়কের উন্নয়নকাজ শেষ না করেই ঠিকাদারেরা চলে গেছেন। এ কারণে দুই বছর ধরে ভাঙা ওই সব সড়ক দিয়ে কষ্ট করে লোকজনকে যাতায়াত করতে হচ্ছে এবং পণ্য পরিবহনে ব্যয় হচ্ছে অতিরিক্ত টাকা।
সংশ্লিষ্ট সড়ক এলাকার ইউপি চেয়ারম্যানরা জানান, এই সমস্যা নিয়ে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বিষয়টি একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি।
এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক উন্নয়নের অংশ হিসেবে বর্তমান সরকারের আমলে এই পাঁচটি সড়কের অবকাঠামো তৈরিসহ পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার হতে খামারকান্দি পর্যন্ত ৫০০ মিটার সড়কের ১৭ লাখ ৮৬ হাজার টাকার কাজের ঠিকাদার বগুড়ার আনিছুর রহমান; ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ বাসাবাড়ী হতে বেলগাড়ী পর্যন্ত দুই কিলোমিটার সড়কের ৭২ লাখ ৬০ হাজার টাকার কাজ পায় বগুড়ার মেসার্স মাস্টার ট্রেডার্স; বারোদুয়ারী হাট হতে খানপুর পর্যন্ত ৫০০ মিটার সড়কের ১৭ লাখ ৫২ হাজার টাকার কাজ পায় মেসার্স এলজিএস ট্রেডার্স; ভবানীপুর ইউনিয়নের ছোনকা হাইওয়ে হতে সুঘাট ইউনিয়নের বিনোদপুর পর্যন্ত সাড়ে সাত শ মিটার সড়কের ২৪ লাখ ৪০ হাজার টাকার কাজ পান বগুড়ার ঠিকাদার গোলাম কিবরিয়া এবং খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর হতে রাজারামপুর পর্যন্ত এক কিলোমিটার সড়কের ৩৪ লাখ এক হাজার টাকার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বগুড়ার সোনাতলা উপজেলার মেসার্স লিটন কনস্ট্রাকশন।
সূত্র আরও জানায়, ২০০৯ থেকে ২০১১ অর্থবছর পর্যন্ত বিভিন্ন সময়ে এই সড়কগুলোর অবকাঠামো তৈরিসহ পাকাকরণের কাজ শুরু করা হয়। প্রতিটি সড়কের উন্নয়নকাজ শেষ করার সময় ছিল তিন মাস। তবে ঠিকাদারেরা কাজের বিল পান এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে। এ বিষয়ে জানতে গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবু তালিম হোসেন ও আনছার হোসেন জানান, দেড় থেকে দুই বছর আগে ঠিকাদারেরা সড়কগুলোর ৪০ থেকে ৬০ ভাগ কাজ করে চলে গেছেন। এরপর একাধিকবার চিঠি দিয়ে কাজের জন্য তাগাদা দিলেও তাঁরা আর ফিরে আসেনি।
সড়কগুলোতে সরেজমিনে দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান যেটুকু কাজ সম্পন্ন করেছিল, দীর্ঘ সময়ে বৃষ্টির পানিতে তা নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগ করে অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।
পারভবানীপুর বাজার হতে রাজারামপুর পর্যন্ত সড়কের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শহিদুল ইসলাম বলেন, ওই সব প্রকল্পের বিপরীতে কোনো অর্থ বরাদ্দ নেই। এ জন্য এত দিন ধরে কাজ বন্ধ রয়েছে। তিনি দাবি করেন, তাঁদের কাজের বিপরীতে মাত্র ১১ লাখ টাকা তুলতে পেরেছেন।