পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে শিল্প মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনের ১১তলায় সংঘটিত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। গত রোববার গঠিত এই কমিটিকে ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শিল্প মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ৩১ অক্টোবর বিএসইসি ভবনে আগুন লাগে। ওই ভবনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি, আরটিভি ও দৈনিক আমার দেশ-এর কার্যালয় রয়েছে। বিএসইসি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা।
ঘটনা তদন্তে ৩১ অক্টোবর ফায়ার সার্ভিস ও বিএসইসি ভবন কর্তৃপক্ষ পৃথক দুটি কমিটি গঠন করে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিনকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটিতে রয়েছেন বিএসইসির একজন পরিচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।