চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী গতকাল সকাল নয়টার মধ্যেই ক্যাম্পাস ছেড়েছেন হলের ছাত্রীরা। এর আগে গত রোববার বেলা তিনটার মধ্যে ক্যাম্পাস ছেড়েছে হলের ছাত্ররা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আবদুর রশিদকে। কমিটির অন্য চার সদস্য হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক মশিউল হক, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক শেখ মো. হুমায়ন কবির, পুরোকৌশল বিভাগের শিক্ষক সুদীপ কুমার পাল ও তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক মো. আহসান উল্লাহ। কমিটিকে ২৮ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ২৪ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়াও নির্দেশ দেওয়া হয়।
ছাত্রলীগের এক পক্ষের মানববন্ধন
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী নায়েব হোসাইন খানের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীরা। গতকাল বিকেল চারটায় নগরের চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার মধ্যরাতে ছাত্রলীগের মোসলেহ উদ্দিন পক্ষের সঙ্গে মেহেদী হাসান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোসলেহ উদ্দিন পক্ষের নায়েব হোসাইন গুরুতর আহত হন। নায়েব এখন পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে উপস্থিত নেতা-কর্মীরা এ ঘটনাকে সংঘর্ষ নয় উল্লেখ করে এটি তাঁদের ওপর পরিকল্পিত হামলা বলে দাবি করেন। এ সময় তাঁরা নায়েবের ওপর হামলাকারীদের কঠোর শাস্তি দাবি করেন। মানববন্ধনে মোসলেহ উদ্দিন, আতিক ইজাজ, ইমতিয়াজ হোসাইনসহ ছাত্রলীগের মোসলেহ পক্ষের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।