পাঁচ সপ্তাহে যুক্তরাজ্যে ১৬ অবৈধ বাংলাদেশি শ্রমিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৬ জন বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা। আটক হওয়া ব্যক্তিদের খুব শিগগির বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ভিসা-প্রক্রিয়া লঙ্ঘন করে অবৈধভাবে শ্রমিক নিয়োগের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক রেস্তোরাঁমালিকের কারাদণ্ড হয়েছে।ঢাকার ব্রিটিশ হাইকমিশন গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের ওই ১৬ জন শ্রমিক ও রেস্তোরাঁমালিককে গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে গত পাঁচ সপ্তাহ সময়কালে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ওল্ডহ্যাম, এসেক্স, ডেভন ও নরফোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় বাংলাদেশের ওই শ্রমিকদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ওই সব এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও একটি মাংসের দোকানে অবৈধভাবে কাজ করছিলেন। যথাযথ শর্ত পূরণ করে ওই শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছিল, এমনটা প্রমাণ করতে না পারলে প্রত্যেক অবৈধ শ্রমিকের জন্য নিয়োগকর্তাকে ১০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হবে।এদিকে ৮ ডিসেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁমালিক খন্দকার মোহাম্মদ ওয়াহিদুজ্জামানকে ২৩ মাসের কারাদণ্ড দিয়েছেন উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কার্লাইল ক্রাউন আদালত। অবৈধ শ্রমিক নিয়োগের অপরাধ স্বীকার করার পর তাঁকে এ শাস্তি দেওয়া হয়। ওয়াহিদুজ্জামান প্রসঙ্গে ইউকে বর্ডার এজেন্সির একজন মুখপাত্র বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বহির্গমন কর্মকর্তাদের সহযোগিতায় পুলিশ সমস্যাটির যথাযথ সমাধানে যৌথ পদক্ষেপ নিয়েছে।