পাঁচ সহস্রাধিক পরিবার বন্যাকবলিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫ গ্রামের পাঁচ সহস্রাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে।
গতকাল বুধবার সকাল থেকে পানি বেড়ে ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে গতকাল সকাল থেকে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। কিন্তু বেলা তিনটার পর ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় ব্যারাজের ৪৪টি জলকপাট (স্লুইসগেট) খুলে রাখা হয়েছে।
জানা গেছে, তিস্তা নদীর পানি বাড়ায় তিস্তাবেষ্টিত ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি-গয়াবাড়ি ও ঝুনাগাছ চাঁপানী এবং জলঢাকার ডাউয়াবাড়ি-শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ১৫টি গ্রামের পাঁচ সহস্রাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে।
ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, ‘উজানের পাহাড়ি ঢলের কারণে সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এতে করে আমার ইউনিয়নের তিস্তাবেষ্টিত গ্রাম ও চরাঞ্চলের ছয় শতাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে।’
টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি বাড়ায় এ ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবার বন্যাকবলিত হয়েছে।
খালিশা চাঁপানী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রমজান আলী জানান, পশ্চিম বাইশপুকুর, ছোটখাতা ও বানপাড়া গ্রামে পানি ঢোকায় ওই সব গ্রামের তিন শতাধিক পরিবারের ঘরবাড়ি হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে।
চলতি বর্ষা মৌসুমে ৩০ জুন তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ২৪ ঘণ্টা পর বিপৎসীমার নিচে নামে। আট দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় গতকাল আবার তিস্তার পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।