পাঁচ সাংবাদিক পেলেন দুদক মিডিয়া অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬ পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাঁচ সাংবাদিক। এ ছাড়া একজন পেয়েছেন বিশেষ সম্মাননা।
গতকাল মঙ্গলবার দুদক কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট মাধ্যম থেকে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক সমকাল-এর আবু সালেহ রনি। প্রথম আলোর ফখরুল ইসলাম পান দ্বিতীয় পুরস্কার। ইলেকট্রনিক মাধ্যম থেকে প্রথম পুরস্কার মাছরাঙা টেলিভিশনের ওবায়দুল কবির, দ্বিতীয় পুরস্কার একাত্তর টেলিভিশনের জেমসন মাহবুব ও তৃতীয় পুরস্কার পেয়েছেন একুশে টেলিভিশনের এম এম সেকান্দার।
বিজয়ীদের প্রত্যেককে একটি ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এ ছাড়া প্রথম পুরস্কার বিজয়ী ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৪০ হাজার ও তৃতীয় পুরস্কার বিজয়ী ৩০ হাজার টাকা পান। বিশেষ সম্মাননা পান মাছরাঙা টেলিভিশনের বদরুদ্দোজা বাবু।
আসাদুজ্জামান নূর বলেন, সরকার দুর্নীতিকে উন্নয়নের বাধা হিসেবে চিহ্নিত করেছে। এ কারণে এখন দুদক যেকোনো সময়ের চেয়ে সক্রিয়। তবে সরকার একটি প্রতিষ্ঠান দিয়ে দুর্নীতি পুরোপুরি দমন করতে পারবে না। নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণার মনোভাব সৃষ্টির তাগিদ দেন তিনি। ইকবাল মাহমুদ আশা প্রকাশ করেন, গণমাধ্যমের সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করা সম্ভব।
জুরিবোর্ডের সদস্য মনজুরুল আহসান বুলবুল বলেন, প্রিন্ট মাধ্যমে ভালো প্রতিবেদন না পাওয়ায় তৃতীয় পুরস্কার দেওয়া সম্ভব হয়নি।