দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সাংবাদিকদের পাঁচটি সংগঠন। গতকাল মঙ্গলবার আলাদা বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, সাংবাদিকদের তথ্য প্রাপ্তির সুযোগ সীমিত করার যেকোনো প্রচেষ্টা দুর্নীতিকেই উৎসাহিত করবে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতার জন্য কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) ও রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যা ক)।
এক যৌথ বিবৃতিতে বিএফইউজের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজের একাংশের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা সাংবাদিকদের সঙ্গে প্রতিষ্ঠানটির দূরত্ব সৃষ্টি করার পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। দেশে দুর্নীতি দমনে সরকার ও দুদকের পাশাপাশি সাংবাদিক সমাজ যে ভূমিকা রাখছে, তার মূলে কুঠারাঘাত করবে এ সিদ্ধান্ত। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে পরিস্থিতি বিবেচনায় কঠোর কর্মসূচি ঘোষণার কথা উল্লেখ করেন তাঁরা।
ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ, র্যা কের সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক এইচ এম সাগর, এলআরএফের সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম পৃথক বিবৃতিতে দুদকের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।