পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ প্রকাশের জের ধরে গত বুধবার বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার দুজন স্থানীয় সাংবাদিক ও তিনজন সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। মামলা দায়েরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার গৌরনদী প্রেসক্লাবে এক সভায় অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও যুবদলের নেতা জসিম মোল্লা জনকণ্ঠ পত্রিকার গৌরনদীর নিজস্ব সংবাদদাতা খোকন আহম্মেদ, আমার দেশ-এর আগৈলঝাড়া প্রতিনিধি ওমর আলী, সংবাদ সংস্থা এফএনএসের সম্পাদক বাবু, বরিশালের স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল-এর সম্পাদক এম এ মতিন, বরিশাল বার্তার সম্পাদক রুনা রহমান খানের বিরুদ্ধে মামলা করেন। বাদী জসিম মোল্লা আরজিতে উল্লেখ করেন, ১৭ অক্টোবর স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল ও দৈনিক বরিশাল বার্তায় ‘পরকীয়া প্রেমের সাথে জড়িত’ শীর্ষক সংবাদ ছাপা হয়। এতে তাঁর ১০ লক্ষাধিক টাকার মানহানি হয়েছে। গত বুধবার বরিশাল মুখ্য বিচারিক হাকিমের আদালতে তিনি মানহানির মামলা করেন। গতকাল বৃহস্পতিবার বরিশাল-২ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট তসলিম আরিফ মামলাটির তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। গতকাল সকালে গৌরনদী প্রেসক্লাবে প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গিয়াস উদ্দিন মিয়া, জামাল উদ্দিন, সুশীল জয়ধর, আহসান উল্লাহ, জহুরুল ইসলাম প্রমুখ। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।