দিনাজপুরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এহসার সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে হওয়া সন্ত্রাস দমন আইনের মামলার পাঁচ সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওই আদেশ দেন।
আগামী ৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ওই দিন আসামিদের হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার সাক্ষী বিপ্লব মিয়া, আবদুস সামাদ, আইয়ুব আলী, তরিকুল ইসলাম ও জাফর আলী গত ৫ আগস্ট আদালতে হাজির হন। কিন্তু গতকাল কোনো কারণ ছাড়াই তাঁরা আদালতে হাজির হননি। এরপর আদালত ওই পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ৩ ডিসেম্বর সন্ধ্যায় জয়পুরহাট র্যাব ক্যাম্প-৫-এর সদস্যরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামে জেএমবির এহসার সদস্য শহিদুল ইসলামের (৫৫) বাড়ি তল্লাশি করা হয়। এ সময় বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ, ধর্মীয় বই, প্রচারপত্র, গামবুটসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর র্যাব জয়পুরহাট ক্যাম্পের তৎকালীন অতিরিক্ত সহকারী পরিচালক আশরাফুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তাঁর বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মামলা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বলেন, ওই সময় গ্রেপ্তারকৃত শহিদুল স্বীকারোক্তিতে জানান, রাজশাহী বিভাগে জেএমবির সামরিক কমান্ডার নীলফামারী সদর উপজেলার সুখধনডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম এবং সহযোগী শাহিন ও মাহফুজ ওই বিস্ফোরক আর ধর্মীয় বই তাঁর (শহিদুল) বাড়িতে রেখে গেছেন। পরে রফিকুলকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ আট
করে। এহসার সদস্য শাহিন হোসেন ঢাকার সাভারে র্যাবের হাতে গ্রেপ্তার হন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল করিমের আদালতে গতকাল দুপুরে জেএমবির এহসার সদস্য শহিদুল ইসলামকে হাজির করা হয়।
মামলার অন্য দুই আসামি রফিকুল ইসলাম (৩০) ও শাহিন হোসেন (২৯) ঢাকা কাশিমপুর কারাগারে আটক আছেন। ওই দুই আসামিকে সেখান থেকে দিনাজপুর আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়। কিন্তু গতকাল নিরাপত্তাজনিত কারণে তাঁদের হাজির করা হয়নি বলে আদালতকে জানায় দিনাজপুর জেলা কারাগার।
মামলার পাঁচজন সাক্ষী কোনো কারণ ছাড়াই গতকাল অনুপস্থিত থাকায় বিচারক মাহমুদুল করিম তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৫ জানুয়ারি তাঁদের আদালতে হাজির করার আদেশ দেন। সেই সঙ্গে ঢাকা কাশিমপুর কারাগারে আটক ওই দুই আসামি রফিকুল ও শাহিনকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।