পাঁচ সিটি করপোরেশনের ফলাফল জাতীয় নির্বাচনকেও প্রভাবিত করবে
গাজীপুরসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ভবিষ্যতের জাতীয় সংসদ নির্বাচনকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাদেশ সংলাপের প্যানেল আলোচক ও দর্শকেরা।
আলোচকেরা বলেন, দেশের ২০ লাখ ভোটারের ভোটে পাঁচ সিটি করপোরেশনের ফলাফল পুরো দেশের জনমতের প্রতিনিধিত্ব করেছে। তাই এই সিটি করপোরেশনের ফলাফল জাতীয় নির্বাচনের জন্য একটি আগাম বার্তাও বহন করছে। গতকাল রোববার দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি আয়োজিত ‘বিবিসি বাংলাদেশ সংলাপ’-এ তাঁরা এ মতামত দেন। বিবিসি বাংলার সংবাদদাতা আকবর হোসেন সংলাপের সঞ্চালনা করেন।
পাঁচটি সিটি নির্বাচন ক্ষমতাসীন সরকারের জনপ্রিয়তায় ধসের ইঙ্গিত বহন করে কি-না—প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, রাজনীতির মাঠে জয়-পরাজয় থাকবেই। তবে সিটি করপোরেশনগুলোর ফলাফল সরকারের জন্য বড় একটা সতর্কবার্তা। তবে এ পরাজয়ে সরকার খুব একটা উদ্বিগ্ন নয় জানিয়ে তিনি বলেন, এখনো ভুল শোধরানোর সুযোগ রয়েছে।
একই বিষয়ে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, এটি অবশ্যই সরকারের পরাজয়। এখন আর এগুলো স্থানীয় সরকার নির্বাচন নয়। কারণ, সব কটি নির্বাচনে ভোটাররা স্থানীয় বিষয় বাদ দিয়ে জাতীয় ইস্যুকে মনে রেখে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটাররা সরকারের সাড়ে চার বছরের নানা দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে নিজেদের মত প্রকাশ করেছেন।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের চেয়ারম্যান শফিউল আলম ভুঁইয়া বলেন, জনগণ সরকারকে বোঝাতে চেয়েছে, ‘তোমাদের কর্মকাণ্ডে আমরা বিরক্ত। এখনই সংশোধন হও।’ তিনি আরও বলেন, এ ছাড়া নিজেদের সফলতার কথাও সরকার ঠিকমতো প্রচার করতে পারেনি। আন্তর্জাতিক দাতা সংস্থা অ্যাকশনএইডের নির্বাহী পরিচালক ফারাহ কবির বলেন, ‘ভোটাররা আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাদের বোকা মনে না করাই রাজনৈতিক দলগুলোর জন্য উচিত হবে।’ মহাজোটের জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করার কারণেই কি আওয়ামী লীগের পরাজয়ের কারণ—প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, অবমূল্যায়ন নয়, হয়তো একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। সেটা দলের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমেই ঠিক হয়ে যাবে। আবদুল্লাহ নোমান বলেন, ‘সিটি করপোরেশনে পরাজয়ের পেছনে জাতীয় পার্টির তেমন কোনো ভূমিকা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।’
ফারাহ কবির বলেন, ভোটের রাজনীতিতে এরশাদের তেমন কোনো প্রভাব নেই। তিনি আদর্শচ্যুত বলেই একেকবার একেক দিকে যান। পঙ্গু শিক্ষার্থী লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে সরকার কি নিষ্ঠুরতার প্রমাণ দিচ্ছে—এ প্রশ্নের জবাবে আলোচকেরা মানবাধিকার কমিশনের উদাসীনতার অভিযোগ করেন। ফারাহ কবির বলেন, আইনের তোয়াক্কা না করেই লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশন এ ক্ষেত্রে বোবার ভূমিকা পালন করছে। বিএনপির নেতা নোমান বলেন, লিমনের ইস্যুতে মানবাধিকার কমিশনের সুরেও পরিবর্তন রয়েছে। এটাই হলো সরকারের স্ট্যান্টবাজি। লিমনকে নিরপরাধ বা অপরাধী—কোনোটাই নয় বলে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, লিমনের বিষয়টি সরকারকে পরিষ্কার করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরা উচিত।