পাঁচ সিটি নির্বাচন ও টিআইবির প্রতিবেদন নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফিরেই জ্যেষ্ঠ মন্ত্রী ও দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, বৈঠকে বলা হয়, গাজীপুরে বিএনপি-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। এ ছাড়া তিনি হজের টাকা নিয়েও দুর্নীতি করেছেন বলে অভিযোগ আছে। অথচ হেফাজতে ইসলাম সেই প্রার্থীর পক্ষে কাজ করেছে। বৈঠকে নেতারা এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন। বাকি চার সিটি করপোরেশনেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা যোগ্যতা ও দক্ষতায় ভালো ছিলেন বলে মন্তব্য করা হয়।

টিআইর প্রতিবেদন সম্পর্কে বলা হয়, টিআই ও টিআইবির প্রতিবেদনের মধ্যে পার্থক্য আছে। টিআইর প্রতিবেদনে বাংলাদেশের নাম নেই। অথচ টিআইবি বাংলাদেশ নিয়ে পৃথক প্রতিবেদন দিয়েছে। ২০০১ সালের নির্বাচনের আগেও টিআইবি এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। তখন আওয়ামী লীগ সরকারের শেষ সময় ছিল।  বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক দল, পুলিশ ও বিচার বিভাগকে কলঙ্ক দেওয়ার জন্যই টিআইবির প্রতিবেদন দেওয়া হয়েছে। যারা বিদেশের টাকায় গবেষণা করে দেশকে খাটো করে, তাদের নীতি-নৈতিকতা নিয়ে আমার প্রশ্ন আছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও বেলারুশে এক সপ্তাহের সফর শেষে গতকাল বেলা দুইটায় দেশে ফিরেছেন। নির্ধারিত সফরসূচির এক দিন আগেই দেশে ফেরেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্যরা। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ও তিন বাহিনীর প্রধানেরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত সূত্র জানায়, সৈয়দ আশরাফের সঙ্গে কুশল বিনিময়ের পর বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

জানতে চাইলে ফারুক খান প্রথম আলোকে বলেন, ডিউটি ফ্রি শপে নতুন নতুন পণ্য বাড়িয়ে তার মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।