পাঁচ স্থানে বাঁধ ঝুঁকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ১০ বছর পর পদ্মার পানি গতকাল মঙ্গলবার থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পাঁচটি স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ অত্যন্ত ঝুঁকির মুখে পড়েছে।
রাজশাহীতে পদ্মা নদীর বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার। ২০০৩ সালের ৯ সেপ্টেম্বর পদ্মার পানি ১৮ দশমিক ৮৫ মিটার উচ্চতায় উঠেছিল। এরপর আর পদ্মার পানি রাজশাহীতে বিপৎসীমা অতিক্রম করেনি। গতকাল সকাল ছয়টা থেকে রাজশাহীতে পদ্মার পানি ১৮ দশমিক ৫১ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। বেলা তিনটায় এই উচ্চতা দাঁড়ায় ১৮ দশমিক ৫২ মিটারে।
এদিকে পদ্মার পানি বাড়ায় রাজশাহীর পবা, চারঘাট, বাঘা ও গোদাগাড়ীর চরাঞ্চলে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিস্তীর্ণ জমির ফসল তলিয়ে গেছে। গত সোমবার রাতে বেড়িবাঁধ ভেঙে নগরের জিয়াপল্লি পানিতে তলিয়ে যায়।
চারঘাট উপজেলার ইউসুফপুর, সাহাপুর, রাওথা এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। পাউবো জরুরি ভিত্তিতে এই বাঁধের ২০০ মিটার এলাকায় বাঁশ পুঁতে ও বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছে। ঝুঁকির মুখে পড়েছে বাঘা উপজেলার আলাইপুর, গোদাগাড়ী উপজেলার ভাটুপাড়া এলাকা। পাউবো আলাইপুরে ১০০ মিটার ও ভাটুপাড়ায় ১৩০ মিটার এলাকায় জরুরি সংস্কারকাজ করছে। পবা উপজেলার মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়ির কাছে ভাঙন দেখা দেওয়ায় পাউবো সেখানেও জরুরি সংস্কারকাজ করছে।
পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, উজান থেকে আসা ঢলের পানির কারণে পদ্মায় পানি বেড়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তাঁরা জরুরি মেরামতকাজ করছেন।