পাঁচ স্থানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ পাঁচজন নিহত
সিরাজগঞ্জের তাড়াশে গতকাল সোমবার মাইক্রোবাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই দিনে রংপুরের তারাগঞ্জ ও বগুড়ার ধুনটে ভটভটির চাপায় দুজনের মৃত্যু হয়েছে। নওগাঁয় ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন এক যুবক। বগুড়ার আদমদীঘিতে গত শনিবার সকালে চলন্ত ট্রাক থেকে পড়ে আহত এক শ্রমিক গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক জানান, উপজেলার মান্নাননগর এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে গতকাল ভোরে বৃদ্ধ মোকছেদ আলী (৭০) রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার বল্লভপুর গ্রামে।
তারাগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার হাজীপুর গ্রামের কৃষক মজিবর রহমান (৪০) নিজ বাড়ি থেকে গতকাল সকালে বাইসাইকেলে করে ইকরচালী বাজারে যাচ্ছিলেন। পথে বামনদীঘি এলাকায় রংপুরগামী একটি ভটভটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ধুনটের স্থানীয় লোকজন জানান, শাহজাহান আলী (৪৫) গতকাল বিকেলে আনারপুর বেইলি সেতু হেঁটে পার হচ্ছিলেন। একই সময়ে চিকাশী থেকে ধুনটে আসার পথে যাত্রীবোঝাই দুটি ভটভটি একসঙ্গে ওই সেতুতে ওঠে। এ সময় একটি ভটভটির ধাক্কায় শাহজাহান সেতুর ওপর থেকে খাদের পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, অবিনাশ মণ্ডল (৩০) রানীনগরের ঝিনা গ্রামের নিজ বাড়ি থেকে হেঁটে গতকাল নওগাঁয় আসছিলেন। পথে সদর উপজেলার শৈলগাছী পিন্টু মোড়ে বেলা ১১টার দিকে নওগাঁ থেকে শৈলগাছীগামী একটি ট্রাক্টর তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সদর উপজেলার সিংবাচা গ্রামের আজিজুর রহমান ওই ট্রাক্টরের চালক ছিলেন।
আদমদীঘি উপজেলার ছাতনি গ্রামের মিঠু হোসেন (৩৮) নামের এক শ্রমিক ট্রাকের ওপর থেকে পড়ে আহত হওয়ার দুই দিন পর গতকাল ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই গ্রামের কাশেম সরদারের ছেলে। স্থানীয়রা জানান, মিঠু গত শনিবার রানীনগরের আবাদ পুকুর এলাকায় একটি ট্রাকের ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।