পাঁচ স্থানে ১১ জন নিহত, আহত ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দুটি বাস, পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও ভটভটি এবং নওগাঁর মান্দায় বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।এ ছাড়া গত দুই দিনে চুয়াডাঙ্গা, বাগেরহাট ও নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার কৈয়া-জিলেরডাঙ্গা মোড়ে গতকাল শনিবার সকালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২৫ জনেরও বেশি যাত্রী আহত হয়েছে। নিহতেরা হলেন বাসচালকের সহকারী (হেল্পার) মামুন মণ্ডল (২০), অজ্ঞাত এক যাত্রী (৪২) ও পটুয়াখালীর আবদুল জলিল (৫৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো জ-০৬-০০২৫) কৈয়া-জিলেরডাঙ্গা মোড় ঘোরার সময় সাতক্ষীরাগামী অপর একটি বাসের সঙ্গে (খুলনা মেট্রো জ ১১-০১০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতক্ষীরাগামী বাসটি রাস্তার দক্ষিণ পাশে খালে উল্টে যায়। খবর পেয়ে ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।ঈশ্বরদী (পাবনা): গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) দুই নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ১৫ শ্রমিক। নিহতেরা হলেন ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী ও ইপিজেডের এ্যাবা গ্রুপের শ্রমিক রূপা খাতুন (২৩) এবং নাটোরের বড়াই গ্রামের বারতি গ্রামের ও রুলিং বিডির শ্রমিক সাথী খাতুন (২৪)।থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘন কুয়াশার মধ্যে সকাল সাড়ে সাতটার দিকে ঈশ্বরদীর লালন শাহ সেতুর অদূরে দিয়াড় বাঘইল করিমের মিল এলাকায় ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে মালবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।আদমদীঘি (বগুড়া): গতকাল বেলা ১১টার দিকে নওগাঁর মান্দা উপজেলা জলছত্র মোড়ে একটি বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বিশ্বনাথ মুরমু (৩২) ও রবিদাস মুরমু (২৮) নামের দুই আদিবাসী সহোদর নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া শুক্রবার রাত আটটার দিকে কুসুম্বা মসজিদ পরিদর্শন করে বাড়ি ফেরার পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বেবিট্যাক্সি আরোহী মোহন (১৮) ঘটনাস্থলে নিহত হন। মোহন নওগাঁ সদর উপজেলার কাটখৈর গ্রামের আনিছুর রহমানের ছেলে। একই রাতে উপজেলার ঘাটকৈর এলাকায় ভটভটির চাপায় সদলপুর গ্রামের জ্যোতিষ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে গতকাল সকাল সাতটায় করিমনের ধাক্কায় ইমরান হোসেন (২৫) নামের এক বাইসাইকেল-আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি ওই গ্রামের ঈদগাহ পাড়ায়। বাগেরহাট: রামপালে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাফিজ শেখ (২৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রামপাল উপজেলার পেড়িখালী-মংলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ রামপালের পড়িখালী গ্রামের আবদুল হাই শেখের ছেলে। হাফিজ বিকেল তিনটার দিকে বাড়ি ফিরছিলেন। পথে মংলাগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।