পাঁচ স্বাস্থ্যকেন্দ্রের তিনটিই চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের পাঁচটি নগর স্বাস্থ্যকেন্দ্রের তিনটিই চালু হয়নি। এর মধ্যে দুটির কাজ ২০ শতাংশ অসম্পন্ন থাকায় চার বছর ধরে পরিত্যক্ত পড়ে রয়েছে এগুলোর অবকাঠামো। আর অন্যটির কাজ অনিয়মের অভিযোগে শুরুতেই বাতিল হয়ে যায়।
নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশনের গাফিলতির কারণে দুটি কেন্দ্রের নির্মাণকাজ শুরুর ছয় মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। মাত্র ২০ ভাগ কাজ বাকি থাকায় কেন্দ্র দুটি চালু করা সম্ভব হয়নি।
সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মা ও শিশুর স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় ২০১০ সালে নগরের কাউনিয়া প্রধান সড়ক, আলেকান্দা জুমির খান সড়ক, আমানতগঞ্জ পাওয়ার স্টেশন, বাড়ৈজ্জের হাট ও ব্রজমোহন কলেজ এলাকায় পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে কাউনিয়া ও জুমির খান সড়কের কেন্দ্রের নির্মাণকাজ শেষে হয়েছে নির্ধারিত সময়েই। কিন্তু তিনতলা ভবন নির্মাণ শেষ হলেও অসমাপ্ত রয়েছে বাড়ৈজ্জের হাট ও আমানতগঞ্জ কেন্দ্রের অন্যান্য কাজ। এতে সেখানে কাজ শুরু করা যায়নি। আর কাজে অনিয়মের অভিযোগ ওঠায় ব্রজমোহন কলেজ এলাকার কেন্দ্রের কাজ শুরুতেই বাতিল করা হয়।
সিটি করপোরেশনের ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের মাঝে বাড়ৈজ্জের হাট এলাকায় স্বাস্থ্যকেন্দ্রটি অবস্থিত। ৬ এপ্রিল সরেজমিনে দেখা যায়, ভবনের নিচতলায় রিকশার গ্যারেজ। পলেস্তারাসহ আনুষঙ্গিক কাজ এখনো অসম্পন্ন। অরক্ষিত থাকায় নির্মাণকাজে ব্যবহৃত রড, ইট ও বালু খোয়া গেছে। একই অবস্থা আমানতগঞ্জ এলাকায় নির্মাণাধীন ভবনেও। আর ব্রজমোহন কলেজ এলাকায় ভবন নির্মাণকাজের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মো. সোহেল খান বলেন, ভবনটির আর ২০ ভাগ কাজ করলেই কেন্দ্রটি চালু করা যেত। কিন্তু কাজ বন্ধ থাকায় উল্টো এখানকার ইট, বালু ও রড চুরি হয়ে যাচ্ছে।
কথা হয় আমানতগঞ্জ এলাকার বাসিন্দা মো. ফারুক হোসেনের সঙ্গে। তিনি বলেন, তিন বছর আগে কেন্দ্রটি চালু হওয়ার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সরকারেরও কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।
ব্রজমোহন কলেজ এলাকায় গিয়ে জানা যায়, ২০১১ সালে মাটির নিচে সেখানে কিছু কাজ হয়েছিল। তারপর আর কোনো কাজ হয়নি। অনিয়মের অভিযোগে বন্ধ করে দেওয়া হয় নির্মাণকাজ।
জানতে চাইলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার বলেন, প্রকল্পটি প্রকৌশল বিভাগের আওতায় নয়। প্রকল্পটি দেখাশোনার দায়িত্ব প্রধান স্বাস্থ্য কর্মকর্তার। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান বলেন, নির্মাণাধীন তিনটি ভবনের জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়। দুটি ভবনের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ২০১২ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বাকি কাজ করা সম্ভব হয়নি। অবশিষ্ট কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে শেষ করার কথা রয়েছে। এ ব্যাপারে উদ্যোগও নেওয়া হয়েছে।
তবে প্রকল্পের সমন্বয়কারী মো. শহীদুল ইসলাম বলেন, অসম্পন্ন নগর স্বাস্থ্যকেন্দ্র ভবনের কাজ নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রকল্পে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হবে না।