পাঁচ সড়কে ছয় মাস ধরে খোয়া বিছানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচটি এলাকায় ২০ কিলোমিটার সড়কের কাজ ছয় মাস ধরে বন্ধ। সড়কগুলোতে খোয়া বিছিয়ে রাখা হয়েছে। এতে যানসহ পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।উপজেলার পবনপাড়া গ্রামের আবদুস সাত্তার বলেন, ‘পাকার চেয়ে হামার কাঁচা রাস্তাই ভালো ছিল। তখন খালি পায়ে হাঁটা যাইত, বাইসাইকেল ও মোটরসাইকেলে যাতায়াত করা যাইত। ইটের খোয়া ফেলার পর রাস্তাগুলার এমন অবস্থা হইছে যে চলাচল করা যায় না।’উপজেলা প্রকৌশলী ফজলুল হক জানান, নিয়ম অনুযায়ী কাজ শুরু করলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় ঠিকাদারেরা কাজ বন্ধ করে দিয়েছেন। এর মধ্যে একজন ঠিকাদার কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। একটি সড়কের ঠিকাদার আশরাফুল হক বলেন, ‘প্রয়োজনীয় টাকা না থাকায় আমি পরে কাজ করার কথা জানিয়ে দিয়েছি।’উপজেলার কুতুবপুর থেকে সাংসদের বাড়ির মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে খোয়া বিছানো রয়েছে। এই পথে উপজেলার কুতুবপুর, সোনাকান্ত, গঙ্গারামপুর, তাহিরপুর, কাশিমপুর গ্রামের মানুষ চলাচল করে। গত ছয় মাস ধরে এই সড়কে কাজ বন্ধ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। সোনাকান্ত গ্রামের ব্যবসায়ী আবদুল কাদের বলেন, ‘হামার আগের মাটির রাস্তায় ভালো আছল। কেনে যে খোয়া বিছাইল? এলা এই রাস্তা দিয়া হাঁটাও যায় না।’ গঙ্গারামপুর গ্রামের শিক্ষক রামনাথ রায় বলেন, ‘সাইকেলে করে যাওয়া যেত। কিন্তু সেটিও এখন কষ্টকর হয়ে উঠেছে।’ মিঠিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুসা আলী মণ্ডল বলেন, ‘রাস্তার কাজ চলতে চলতে হঠাৎ দেখি কাজ বন্ধ। এখন মানুষোক খালি জবাব দেওয়া লাগে।’শানেরহাট ইউনিয়নের পবনপাড়া থেকে মণ্ডলের বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কে খোয়া বিছানো। পবনপাড়া, কাশেমপুর, কেশবপুর ও কুতুবপুর গ্রামের মানুষ এই সড়কে চলাফেরা করে আসছে। ছয় মাস ধরে কাজ বন্ধ। পবনপাড়ার দিনমজুর নূর হোসেন বলেন, খালি পায়ে হাঁটা যায় না। কুতুবপুরের উন্নয়নকর্মী দেলোয়ার হোসেন বলেন, ‘এ কাজ করার থেকে না-করা ভালো ছিল।’ এই ইউপির চেয়ারম্যান মেজবাউল ফেরদৌস জানান, এভাবে সড়কে খোয়া বিছয়ে কার্পেটিং না করায় মানুষের দুর্ভোগ বেড়েছে।পাঁচগাছি ইউনিয়নের মছুপুর গ্রাম থেকে পাকারমাথা তিন কিলোমিটার সড়কে খোয়া বিছানো। মছুপুর, মাঝেরপাড়া ও দক্ষিণপাড়া গ্রামের ওপর দিয়ে খোয়া বিছানো সড়কে ছয় মাস ধরে কাজ বন্ধ। মছুপুর গ্রামের ব্যবসায়ী সোলেমান মিয়া বলেন, এই রাস্তা দিয়া হাঁটা যায় না। মাঝেরপাড়ার শিক্ষার্থী নূরবানু বেগম জানান, রিকশাও চলে না। পায়ে হেঁটে যেতেও কষ্ট।মহাসড়কের লালদিঘি থেকে চককরিম সাত কিলোমিটার খোয়া বিছানো। কেশুরবাড়ি, কেশবপুর, রামপুর, ঘোড়ারঘাট, চকপাড়া ও কুমেদপুর গ্রামের মানুষ চলাচল করে এ সড়কে। কেশবপুরের কৃষক আবদুল হালিম বলেন, ‘এইগুলা কী উন্নয়ন কওয়া যায়?’ এ ছাড়া ভেন্ডাবাড়ি থেকে পলাশবাড়ি এক কিলোমিটার সড়কেরও খোয়া বিছিয়ে রাখায় বেহাল দশা হয়েছে।