>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের শাহ বদরুল ইসলাম উপজেলা সদরে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা খুঁজছিলেন। দ্বিগুণ ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও পাচ্ছিলেন না। ক্ষোভের সঙ্গে বললেন, মাইজগাঁওয়ের কথা শুনেই চালকেরা রাস্তা খারাপ বলে এড়িয়ে যাচ্ছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শুধু মাইজগাঁও নয়, উপজেলা সদরের সঙ্গে যুক্ত পাঁচটি সড়কই বেহাল। সড়কগুলোর বিভিন্ন অংশের ইট, পাথর ও বিটুমিন উঠে ছোট-বড় গর্ত হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। এর মধ্যে মাইজগাঁও-ভাটেরা সড়কের অবস্থা সবচেয়ে নাজুক। আট কিলোমিটার সড়কের সাত কিলোমিটার অংশে অসংখ্য গর্ত। প্রতিদিন সিলেট-ভাটেরাগামী যাত্রীবাহী বাসসহ কয়েক শ যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ওই সড়কগুলো হচ্ছে মাইজগাঁও-ভাটেরা, মাইজগাঁও-পুরান বাজার, বিয়ানীবাজার-ঘিলাছড়া, কটালপুর-পাঠানচক ও উপজেলা সদর-ফেঞ্চুগঞ্জ-রেলস্টেশন সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরপরও উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ এসব সড়ক দিয়েই চলাচল করছে।
পুরান বাজার-মাইজগাঁও সড়ক দিয়ে প্রতিদিন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, মোশাহিদ আলী বালিকা মাদ্রাসার শিক্ষার্থীরা ছাড়াও ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানার শ্রমিক ও কর্মচারীরা যাতায়াত করেন। সড়কগুলোর বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র মুহিবুল ইসলাম বলেন, রাস্তার করুণ অবস্থা দেখে ২০ টাকার জায়গায় ৩০ থেকে ৪০ টাকা ভাড়া দিতে হয়।
সিএনজিচালিত অটোরিকশাচালক তাজুল ইসলাম বলেন, রাস্তার অবস্থা খারাপ হওয়ার পর থেকে বড় যানবাহন চলাচল বন্ধ থাকায় ভরসা এখন অটোরিকশা। ভাঙাচোরা সড়কে অটোরিকশা চালাতে গিয়ে নানা রকম যান্ত্রিক সমস্যায় পড়তে হয়। এ কারণে যাত্রীরাই বেশি ভাড়া দিয়ে চলেন।
ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম বলেন, গ্রামীণ রাস্তা হলে টিআর, কাবিখার মাধ্যমে সড়কগুলো সংস্কার করা যেত। কিন্তু সড়কগুলো এলজিইডির অধীন হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে কিছুই করার থাকছে না।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শহিদুর রহমান বলেন, প্রায় এক বছর ধরে উপজেলা সদরের সঙ্গে সংযোগ সড়কগুলোর এমন করুণ অবস্থা। সড়কগুলো সংস্কার করতে জেলার সমন্বয় কমিটির সভায় বিষয়টি একাধিকবার উত্থাপন করা হয়েছে। পাঁচ সড়কের কিছু অংশ সওজ ও বাকিগুলো এলজিইডির হওয়ায় এ ব্যাপারে দ্রুত প্রতিকার মিলছে না।
উপজেলা প্রকৌশলী জিহান আল তুহিন বলেন, ‘উপজেলার ওই পাঁচ সড়কের কিছু অংশ সওজ বিভাগের। আমাদের আওতায় যে সড়কগুলোরয়েছে সেগুলোর সংস্কার প্রক্রিয়াধীন।’ তবে সংস্কার কবে হবে, সে কথা নির্দিষ্ট করে তিনি কিছু বলতে পারেননি।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, উপজেলা সড়কের যে অংশ সওজের, সেগুলো সংস্কার করা হয় জেলার অভ্যন্তরীণ সড়ক সংস্কার প্রকল্পের আওতায়। ফেঞ্চুগঞ্জের ওই পাঁচ সড়কের সওজের অংশ সেভাবে সংস্কার করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।