পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নোয়াইল এলাকায় গতকাল রোববার পাইপলাইন কেটে ২০টি গ্রামের পাঁচ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস৷ এরপর বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে গড়ে ওঠা ‘গ্যাস কমিটি’র বিরুদ্ধে বিক্ষোভ করেন৷
এদিকে পৌরসভার বাড়ী রঘুভাঙ্গা গ্রামে অবৈধভাবে সংযোগ নেওয়া গ্যাসের ১০টি রাইজার গতকাল রাতে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়৷ তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের দুটি সংযোগস্থল থেকে পাইপলাইন কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়৷ ফলে সোনারগাঁ পৌরসভার দরপত, ফতেকান্দি, বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী, সনমান্দী ইউনিয়নের মশুরাকান্দা, চরলাল, কাফাইকান্দা, বড়ইকান্দি, গিরদান, নীলকান্দা, দৌলতপুর, পাঁচানী এবং সনমান্দীসহ ১৪ কিলোমিটার এলাকার ২০টি গ্রামের প্রায় পাঁচ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷
এদিকে গ্রাহকপ্রতি ৪৫ থেকে ৫৫ হাজার টাকা করে নিয়ে গ্যাসের এ অবৈধ সংযোগ দেয় আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে গড়ে তোলা গ্যাস কমিটি৷ ওই কমিটি উপজেলার নয়টি ইউনিয়নের ২৫ হাজার বািড়তে অবৈধ সংযোগ দিয়ে ১১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে৷ এ নিয়ে গত ৬ ফেব্রুয়াির প্রথম আলোতে ‘আওয়ামী লীগের গ্যাস ডাকাতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ পরে ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ তবে এত দিন সোনারগাঁয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি৷
গতকাল গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার খবর পেয়ে বিভিন্ন গ্রামের গ্রাহকেরা একত্র হয়ে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করেন৷ গ্রামবাসী তাঁদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ার দাবি জানান৷
দরপত গ্রামের বাসিন্দা মোবারক হোসেন বলেন, ‘আমরা এ অবৈধ গ্যাস নিতে চাইনি৷ আওয়ামী লীগের গ্যাস কমিটির নেতারা আমাদের গ্যাস নিতে বাধ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন৷’
অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ অঞ্চলের মহাব্যবস্থাপক আবু জাফর সুলতান আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, েসানারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
ইউএনও মাহমুদ হাসান রাত ১১টায় প্রথম আলোকে বলেন, বাড়ী রঘুভাঙ্গা গ্রামে নারায়ণ মাঝির বািড়র পাশে নিম্নমানের পাইপ ও রাইজার বসিয়ে অবৈধভাবে গ্যাস-সংযোগ নিয়ে ব্যবহার করছে শতাধিক পরিবার৷ রাত নয়টার দিকে হঠাৎ একসঙ্গে ১০টি রাইজার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়৷ মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে৷ দুই ঘণ্টা পর ঢাকার ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি৷
ইউএনও বলেন, ওই গ্রামের অবৈধ পাইপলাইন শিগগিরই উচ্ছেদ করা হবে৷ নিম্নমানের পাইপ ও রাইজার বসিয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে৷