পাঁচ হাজার জনের হজে যাওয়া অনিশ্চিত
মোয়াল্লেম ফি জমা দিয়েও প্রায় পাঁচ হাজার জনের এবার পবিত্র হজ পালন করতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ধর্ম মন্ত্রণালয় আরও তিন হাজার হজযাত্রীর জন্য কোটা দেওয়ার অনুরোধ জানালেও ঢাকার সৌদি দূতাবাস তাতে রাজি হয়নি।
আজ বুধবার হজযাত্রীদের ভিসা পাওয়ার শেষ দিন। গতকাল মঙ্গলবার ঢাকার সৌদি দূতাবাস ধর্ম মন্ত্রণালয়কে বলেছে, তারা আজকের পর আর কোনো হজযাত্রীর পাসপোর্টে ভিসা লাগাবে না।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ধর্মমন্ত্রী মতিউর রহমান গত সোমবার বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে আরও তিন হাজার জন হজযাত্রীর জন্য কোটা বাড়ানোর অনুরোধ জানিয়ে চিঠি দেন। গতকালও সৌদি রাষ্ট্রদূতকে এ অনুরোধ জানানো হয়। কিন্তু সৌদি দূতাবাস বলেছে, শেষ মুহূর্তে এমন অনুরোধ রাখা সম্ভব নয়।
বিষয়টি নিশ্চিত করে ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান গতকাল বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি, তারা জানিয়ে দিয়েছে আর কোটা বাড়াতে পারবে না। ফলে এই হজযাত্রীরা আর কোনোভাবেই এবার হজে যেতে পারবেন না। কারণ, হজযাত্রীদের পাসপোর্টে ভিসা লাগানোর আজ শেষ দিন।’
এবার বাংলাদেশ থেকে হজের জন্য ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের কোটা বরাদ্দ হয়। এর মধ্যে সরকারি কোটায় ২ হাজার ৭৫৪ জন এবং বেসরকারি কোটায় ৯৯ হাজার ৪ জন।
মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, এবার পবিত্র হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন বন্ধ হয় চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে। তবে এরপর হজে যেতে ইচ্ছুক ব্যক্তি ও কোটাবঞ্চিত হজ এজেন্সিগুলোর দাবির মুখে মন্ত্রণালয় একটি কমিটি করে। ওই কমিটি আরও ১৫ হাজার জনকে নিবন্ধন ও মোয়াল্লেম ফি ব্যাংকে জমা দিতে বলে। সে অনুযায়ী তাঁরা তা জমা দেন। এখন ওই ১৫ হাজার জনের মধ্যে পাঁচ হাজার জনের হজে যাওয়া অনিশ্চিত হয়ে রয়েছে।
গতকাল দিনভর ধর্ম মন্ত্রণালয়ে বিভিন্ন এজেন্সির কর্মকর্তাদের দৌড়ঝাঁপ করতে দেখা যায়। এদিকে আশকোনা হজ ক্যাম্পের সহকারী হজ অফিসার আবদুল মালেককে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তাঁর স্থলে মন্ত্রণালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদকে নিয়োগ করা হয়েছে। সূত্র বলেছে, হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে এ বদলি।
এ ছাড়া ওই হজ ক্যাম্পের পরিচালক আবু সালেহ মোস্তফা কামালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। হজে যাওয়ার জন্য যে প্রশাসনিক দল গঠন করা হয়েছিল, সেখান থেকেও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ২ হাজার ৫০ জন কোটাবঞ্চিত হজযাত্রীকে হজে পাঠানো হচ্ছে বলে হজ পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া তিনি বিভিন্ন হজ এজেন্সির ৫ শতাংশ হজযাত্রী প্রতিস্থাপন করেছেন।
এদিকে ক্ষতিগ্রস্ত হজ এজেন্সির মালিকদের কয়েকজন গতকাল প্রথম আলোকে বলেন, বেসরকারিভাবে তাঁদের হজযাত্রীরা যেতে পারছিলেন না, মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সরকারি কোটায় হজ করার জন্য তাঁরা মোয়াল্লেম ফি জমা দিয়েছেন। তাঁদের কেউ কেউ বেসরকারি হারের চেয়েও বেশি টাকা ব্যাংকে জমা দিয়েছেন। কিন্তু গতকাল পর্যন্ত তাঁদের অনেকেরই ভিসা হয়নি।
হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের এবার হজে পাঠাতে না পারা কয়েকটি এজেন্সি তাদের লাইসেন্স বাতিল করে এফডিআর করা টাকা ফেরত দিতে ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করেছে। এর মধ্যে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের একটি এজেন্সি আবেদনে বলেছে, এভাবে কার্যক্রম চালানো সম্ভব নয়, তাই হজ লাইসেন্স বাতিল করে তাদের ২০ লাখ টাকা ফেরত দেওয়া হোক।
মোয়াল্লেম ফি জমা দিয়েও হজে যাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তায় থাকা কয়েকজন বলেন, তাঁরা অনেক কষ্টে মোয়াল্লেম ফি জমা দিয়েছেন। এখন তাঁরা হতাশ এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।
গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত এজেন্সিগুলোর পক্ষ থেকে হজ কার্যক্রমে যাঁরা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। ধর্মসচিব এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র বলেছে।