পাঁচ হাজার টাকা দেওয়ার শর্তে যুক্তি উপস্থাপন মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন ৩১ মার্চ (রোববার) পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে এ জন্য আসামিপক্ষকে পাঁচ হাজার টাকা দিতে হবে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এ আদেশ দেন। গতকাল ১৮-দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন গোলাম আযমের পক্ষে কেবল কনিষ্ঠ আইনজীবী আসাদ উদ্দিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি রোববার পর্যন্ত যুক্তি উপস্থাপন মুলতবির আরজি জানিয়ে বলেন, এই মামলার প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ও আসামিপক্ষের অন্য জ্যেষ্ঠ আইনজীবীরা ‘ব্যক্তিগত সমস্যা’র জন্য ট্রাইব্যুনালে আসতে পারেননি।কারাগারে আটক গোলাম আযমের সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবীদের ‘বিশেষ যোগাযোগের’ অনুমতি চেয়েও আবেদন করেন আসাদ উদ্দিন। তিনি বলেন, আইনি বিষয়ে যুক্তি দেওয়ার আগে আবদুর রাজ্জাক মক্কেলের (গোলাম আযম) সঙ্গে মামলার বিষয়ে কথা বলতে চান।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ মুলতবি আবেদনের বিরোধিতা করেন। পরে ট্রাইব্যুনাল পাঁচ হাজার টাকা দেওয়ার শর্তে আসামিপক্ষের মুলতবি আবেদন মঞ্জুর করেন। আদেশে আরও বলা হয়, আইনজীবী আবদুর রাজ্জাক ও শিশির মনির ৩০ মার্চ সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত গোলাম আযমের সঙ্গে ‘বিশেষ যোগাযোগ’ করতে পারবেন।গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে আটক রয়েছেন।হরতালে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ: একই ট্রাইব্যুনাল গতকাল বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ও হুজ্জাতুল ইসলাম খানকে হরতাল চলাকালে ট্রাইব্যুনালে আনার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।গতকাল সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী অনীল বরণ ধরকে জেরার দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের কোনো আইনজীবী ট্রাইব্যুনালে ছিলেন না। ট্রাইব্যুনাল পাঁচ হাজার টাকা দেওয়ার শর্তে জেরা আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করে আইনজীবীদের নিরাপত্তার ব্যবস্থা করার ওই আদেশ দেন।