পাঁচ হাজার টাকায় মীমাংসার চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনা পাঁচ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাঙামাটির বরকল উপজেলায় এ ঘটনা ঘটে।

গতকাল রোববার ইউপিডিএফ-সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন এক বিবৃতিতে ‘ধর্ষণকারী’ দক্ষিণ বরুণাছড়ির রূপবানমুখ গ্রামের মো. মালেককে (৩০) গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে। কিশোরীর বাবার অভিযোগ, স্থানীয় কিছু লোক মো. মালেককে মারধর করে পাঁচ হাজার টাকা জরিমানা করে ঘটনা মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তিনি তা মেনে নেননি। সুবলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, ওই কিশোরীর বাবা খুবই নিরীহ। যে কারণে এখনো থানায় মামলা হয়নি।

ওই কিশোরীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক নিহার রঞ্জন নন্দী বলেন, মামলা হলে কিশোরীর শারীরিক পরীক্ষার প্রতিবেদন দেওয়া হবে।

ওই কিশোরীর অভিযোগ, বৃহস্পতিবার সে নৌকায় করে বাড়ি থেকে দূরে কাপ্তাই হ্রদবেষ্টিত একটি টিলায় ছাগল চরাতে যায়। বিকেল চারটা থেকে সাড়ে চারটার দিকে মালেক এসে তাকে ধর্ষণ করে। পরে সে স্থানীয় বাজারে গিয়ে ঘটনাটি জানায়। এরপর তাকে নিয়ে তার বাবাসহ ১৫-২০ জন আদিবাসী বাঙালিপাড়ায় যান। এ সময় মালেক ধর্ষণের কথা স্বীকার করেন। এরপর সালিস করে মালেককে মারধর ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম সালিসের কথা স্বীকার করলেও সেটি ধর্ষণের ঘটনার নয় বলে দাবি করেন। তাঁর দাবি, কিশোরীকে মারধরের কারণে মালেককে শাস্তি ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।