পাঁচ হাজার টাকায় হাসপাতাল ইজারা!
মাত্র পাঁচ হাজার টাকায় ইজারা দেওয়া হলো রংপুর পৌরসভা পরিচালিত ৩০ শয্যার ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল’। দেড় বছর ধরে এর চিকিৎসার কার্যক্রম বন্ধ ছিল। পৌরসভা পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় তা ব্যক্তির কাছে ইজারা দেওয়া হয়েছে। এতে হাসপাতালটিতে আগের চেয়ে চিকিৎসার ব্যয় বেড়ে যাবে।এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানকার একটি এক্স-রে ও ইসিজি মেশিন নষ্ট হয়ে আছে। পৌরসভা সূত্রে জানা গেছে, রংপুরের মাহীগঞ্জে ১৯৯৮ সালে পৌরসভার জায়গায় দোতলা ভবনে হাসপাতালটি করা হয়। এটি নির্মাণে ব্যয় হয় ৩০ লাখ টাকা। এর নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল’। এটি পরিচালনার সার্বিক দায়িত্ব নেয় পৌরসভা। এরপর নানা প্রতিকূলতায় এখানকার চিকিৎসাসেবা মুখ থুবড়ে পড়ে। এখন এটি চালাতে পৌরসভাকে প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় করতে হয় বলে পৌরসভা সূত্র জানিয়েছে। কিন্তু তেমন একটা আয় হচ্ছিল না। তাই ২০০৯ সালের জুনে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়। এদিকে পৌর কর্তৃপক্ষ জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জামানত ও প্রতি বছর ৬০ হাজার টাকায় হাসপাতালটি ইজারা দিয়েছে। ইজারাদার গত জানুয়ারি থেকে এখানে চিকিৎসার কার্যক্রম চালাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভার অধীনে পরিচালিত হওয়ার সময় হাসপাতালটির বহির্বিভাগে রোগীদের ১০ টাকা করে টিকিট ছিল। কিন্তু ব্যক্তির কাছে ইজারা দেওয়ায় তা বাড়িয়ে করা হয়েছে ৩০ টাকা। মাহীগঞ্জ এলাকার লোকমান হোসেন বলেন, যে উদ্দেশ্য নিয়ে এই হাসপাতাল করা হয়েছিল, তা সফল হচ্ছে না। এখানে বেসরকারি ক্লিনিকের মতো খরচ পড়ছে। হাসপাতাল পরিচালনা কমিটির সহসভাপতি মীর আনিসুল হক বলেন, চিকিৎসকসহ নানা সংকটে এখানকার কার্যক্রম ব্যাহত হচ্ছিল। তাই হাসপাতালটি ইজারা দেওয়া হয়েছে। কমিটির সভাপতি পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, আমরা আর এটি চালাতে পারছিলাম না। এলাকাবাসীর চিকিৎসাসেবার কথা ভেবে এটি বন্ধ না রেখে ইজারা দেওয়া হয়েছে।