কক্সবাজারের হাটবাজারে মাছের আকাল, তাই ঝুঁকি নিয়ে উত্তাল সাগরে ইলিশ ধরতে যাচ্ছেন জেলেরা। বৈরী পরিবেশের কারণে গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রায় সাত হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ ছিল। এতে বেকায় হয়ে পড়েন এক লাখের বেশি জেলেশ্রমিক।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, ৫০ থেকে ৬০টি ট্রলার বাঁকখালী নদী থেকে ইলিশ ধরার জন্য সাগরে রওনা দিচ্ছে।এফবি শিউলী ট্রলারের জেলে মমতাজ আহমদ (৪৫) বলেন, জুন-জুলাই-আগস্ট—এই তিন মাস সাগর এমনিতে প্রচণ্ড রকম উত্তাল থাকে। এ সময় সাগরে নামা মহাবিপদ। কিন্তু সামনে ঈদ। ছেলেমেয়েদের কাপড়চোপড় কিনে দিতে হবে। তাই জীবনের মায়া ত্যাগ করে সাগরে রওনা দিচ্ছি।এফবি মান্নান ট্রলারের জেলে সাইফুল ইসলাম (৩৩) বলেন, সাত দিনের রসদ নিয়ে আমরা সাগরে ইলিশ ধরতে যাচ্ছি। সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে নাকি প্রচুর ইলিশ ধরা পড়ছে। বড়বাজারের মাছ বিক্রেতা আবুল কালাম (৩৪) বলেন, বেশ কিছুদিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ রয়েছে, তাই বাজারে মাছের তীব্র সংকট চলছে। এখন জেলেরা সাগরে নামছেন, কয়েক দিনের মধ্যে বাজার মাছে ভরে যাবে। কয়েকজন জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০ থেকে ৪০ লাখ টাকা দামের একেকটি কাঠের ট্রলার নিয়ে আমরা ১০০ থেকে ২০০ কিলোমিটার গভীর সাগরে গিয়ে মাছ ধরছি। এ সময় ঘূর্ণিঝড় কিংবা দুর্যোগ হলে প্রাণে রক্ষার কোনো উপায় থাকে না। কারণ, ট্রলারে নিরাপত্তার লাইফ জ্যাকেট বা বয়া থাকে না। এমনকি দুর্যোগের সতর্ক-সংকেত শুনতে রেডিও সরবরাহ করা হয় না। প্রতিটি ট্রলারে একাধিক মুঠোফোন থাকলেও, তা ৫০ কিলোমিটার দূরে গিয়ে দুর্বল নেটওয়ার্কের কারণে নিষ্ক্রিয় হয়ে পড়ে। কক্সবাজার বোট মালিক কার্যালয় সূত্র জানায়, জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় প্রায় সাত হাজার ট্রলার রয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার ট্রলারে ৮০ হাজার জেলের জীবন রক্ষার কোনো ব্যবস্থা নেই। মৃত্যুর ঝুঁকি নিয়ে এসব জেলে সাগরে মাছ ধরছেন।কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কাদের বলেন, গত জুন-জুলাই দুই মাসে একাধিক ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ২১টি ট্রলার ডুবে ১০-১৫ জেলে নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া এসব ট্রলারের কোনোটিতে লাইফ জ্যাকেট, বয়া বা রেডিও ছিল না। কক্সবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাইনুদ্দিন বলেন, মালিকদের বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তাঁরা ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট সরবরাহ দিচ্ছেন না। এ ব্যাপারে আরও খোঁজখবর নেই হচ্ছে।