পাঁচ হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। এ কারণে গতকাল রোববার থেকে পাঁচ হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ হয়ে গেছে। এতে অন্তত ৭০ হাজার জেলে সাময়িক বেকার হয়ে পড়েছেন।
কক্সবাজার আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযানকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
গতকাল সকালে শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, কয়েক শ ট্রলার নোঙর করে আছে। সংকেত পেয়ে সাগর থেকে অসংখ্য ট্রলার ফিরে আসছে।
শহরের নুনিয়াছটার জেলে সালামত উল্লাহ বলেন, নিষেধাজ্ঞার কারণে ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিন জেলেরা সাগরে ইলিশ ধরতে পারেননি। ২৪ অক্টোবর থেকে ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে নামেন। এরই মধ্যে সতর্কসংকেত পেয়ে পুনরায় ট্রলারগুলোকে গভীর সাগর থেকে উপকূলে আসতে হয়েছে। এতে জেলে-পরিবারে অভাব-অনটন দেখা দিয়েছে। লোকসানের কারণে ট্রলার-মালিকেরাও জেলেদের অগ্রিম টাকা দিতে রাজি হচ্ছেন না।
গত শুক্রবার সকাল থেকে উপকূলে বৃষ্টিপাত হচ্ছে। সাগর উত্তাল থাকায় কক্সবাজার-কুতুবদিয়া, ধলঘাটা, মাতারবাড়ি এবং টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপ নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, সতর্কসংকেত পেয়ে ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। আহরণ বন্ধ থাকায় কিছুদিন বাজারে মাছের সংকট দেখা দিতে পারে।