পাঁচ হাজার নছিমন থেকে মাসে ১৫ লাখ টাকা চাঁদা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলার ১৩০টি সড়কে প্রায় পাঁচ হাজার টমটম ও নছিমন চলাচল করে। গাড়িপ্রতি প্রতি মাসে দুই থেকে ৪০০ টাকা হারে সাকল্যে ১৫ লাখ টাকা (গড়ে ৩০০ টাকা ধরে) চাঁদা দিয়ে চলছে এসব অবৈধ যান। স্থানীয় ‘লাইন কমিটি’ তথা রাজনৈতিক দলের নেতা ও পুলিশ সদস্যরা চাঁদার টাকা পকেটে পুরছেন বলে অভিযোগ রয়েছে।সড়ক নিরাপত্তা প্রচারণার কাজে নিয়োজিত স্থানীয় বেসরকারি সংস্থা এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না বলেন, ‘২০১০-১১ সাল পর্যন্ত জেলায় সড়ক দুর্ঘটনায় প্রায় ১৫০ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৮৮ জনই মারা গেছে টমটম ও নছিমন দুর্ঘটনায়।’পুলিশ সুপারের দায়িত্বে থাকা বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির পুলিশের মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এসব যানের যেহেতু নিবন্ধন নেই, তাই এগুলোর প্রকৃত সংখ্যা আমাদের কাছে নেই। তবে খোঁজ নিয়ে যতটা জেনেছি, তাতে জেলায় ৩০০-এর মতো এ ধরনের যানবাহন রয়েছে।’নছিমনের চালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বরগুনা সদরে ৩০টি সড়কপথে প্রায় দেড় হাজার, আমতলীতে ৩০ সড়কে প্রায় এক হাজার, পাথরঘাটায় ২০ সড়কে প্রায় এক হাজার, বামনায় ১৫ সড়কে প্রায় ৪০০, বেতাগীতে ২৫ সড়কপথে প্রায় ৭০০ এবং তালতলী উপজেলায় ১০টি সড়কপথে প্রায় ৫০০ টমটম ও নছিমন যাত্রী পরিবহন করছে।জানা যায়, প্রতিটি সড়কপথে একেকটি ‘লাইন কমিটি’ রয়েছে। স্বঘোষিত এসব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ-বিএনপির স্থানীয় নেতারা। তাঁরা অনেকেই গাড়ির মালিক নন। কিন্তু প্রভাব খাটিয়ে এর নিয়ন্ত্রণ নেন। পরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করার নামে গাড়িপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত চাঁদা তুলছেন।বরগুনা সদরের লাকুরতলা-গৌরিচন্না সড়কপথে চলাচলকারী একটি নছিমনের মালিক বলেন, ‘আমরা সমিতির মাধ্যমে মাসে ২০০ টাকা করে দিই।’ বামনার অপর এক নছিমনচালক বলেন, ‘আমরা ২৫০ টাকা করে মাসোহারা দিই।’ ওই সড়কপথের টমটম ও নছিমন থেকে চাঁদা নেন লাইন কমিটির সহসভাপতি আলমগীর হোসেন। তিনি বলেন, ‘আমাদের রুটে ৩৫টি গাড়ি চলে। আমরা কোনো গাড়ি থেকে টাকা নিই না। পুলিশ যখন স্ট্যান্ডে আসে, তখন তাঁদের চা-পানি খাওয়াই ও কিছু খরচাপাতি দিই।’বামনা উপজেলা সদরের একটি সড়কপথের নিয়ন্ত্রক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের ছোট ভাই ফারুক হোসেন। তিনি গাড়ির মালিক না হয়েও বামনা সদরের এই সড়কে লাইন-কমিটির সভাপতি হয়েছেন। ফারুক হোসেন বলেন, ‘সামনাসামনি আসেন, তারপর সব বলব।’ছাত্রলীগের নাম ব্যবহার করে পাথরঘাটার চরদুয়ানি-খলিফারহাট ও টেংরা সড়কে পাথরঘাটা স্ট্যান্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম। তিনিও গাড়ির মালিক নন। তাঁর সঙ্গে যোগাযোগের জন্য কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। ওই লাইন কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ‘আমরা পুলিশকে কোনো টাকা দিই না। তবে অফিস খরচ বাবদ মাসিক ৫০ টাকা করে চাঁদা নিই।’ গাড়ির মালিক না হওয়া সত্ত্বেও নজরুল ইসলাম কীভাবে কমিটির সভাপতি হলেন এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, ‘তিনি সরকারি দল করেন। তাই আমরা একজন প্রভাবশালীকে পদটি দিয়েছি।’একইভাবে পাথরঘাটার হরিণঘাটা, বাদুড়তলা ও পদ্মা সড়কের লাইন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ইব্রাহিম হোসেন। তিনিও কোনো গাড়ির মালিক নন। কিন্তু যুবলীগের নাম ব্যবহার করে চাঁদা তুলছেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজেদের প্রয়োজনেই ওরা আমাকে সভাপতি বানিয়েছে। আমি হইনি।’ চাঁদা তোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে পুলিশকে টাকা দেওয়া লাগত, এখন লাগে না।’ প্রতি মাসে চালকদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা অসত্য।’বেসরকারি সংস্থা এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না আরও বলেন, ‘অনেক টমটম ও নছিমনে হেডলাইট না থাকায় রাতে টর্চ জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। এসব যানের চালকেরা আগে রিকশাভ্যান চালাতেন। পরে টমটমের চালক হওয়ার ক্ষেত্রে তাঁদের কোনো প্রশিক্ষণ নেই।’