পদ্মা ও মহানন্দা নদীতে পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার ১৩টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে এক সপ্তাহ ধরে এ দুই উপজেলার পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে সাড়ে সাত হাজার হেক্টর জমির ফসল। এ ছাড়া পদ্মা নদীর ভাঙনে সদরের দুই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যার কারণে সদর উপজেলার ইসলামপুর, শাহজাহানপুর, দেবীনগর, সুন্দরপুর, চরঅনুপনগর, চরবাগডাঙ্গা, নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর, দুর্লভপুর, মনাকষা, ঘোড়াপাখিয়া, ছত্রাজিতপুর ইউনিয়নের লোকজনের বসতঘরে পানি উঠে গেছে।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর কবীর জানান, তাঁর ইউনিয়নের দুই হাজার পরিবার পানিবন্দী অবস্থায় আছে। এর মধ্যে বৈদ্যনাথপুর, সূর্যনারায়ণপুর, খলিফারচর এলাকার অবস্থা খারাপ। আড়াই হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিয়নের প্রায় ৮০ ভাগ রাস্তা পানিতে তলিয়ে আছে। অন্যদিকে পদ্মার ভাঙনে নারায়ণপুর ঘোন ও ডাকাতপাড়ার ৫০০ বসতভিটা নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
পাকা ইউপির চেয়ারম্যান আবদুল মালেক জানান, ইউনিয়নের দেড় হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। এর মধ্যে দক্ষিণপাকা, নিশিপাড়া, চরপাকার কদমতলা ও দুবাইপাড়া গ্রাম থেকে ২০০ পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য গতকাল সোমবার দুই টন চাল বরাদ্দ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খায়রুল আনাম জানান, নদীভাঙনে এ পর্যন্ত উপজেলার আলাতুলি ইউনিয়নের ৯৮৭টি, নারায়ণপুর ইউনিয়নে ৪২৭টি এবং দেবীনগর ইউনিয়নে ৫৪৩টি বসতভিটা বিলীন হয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, সদর ও শিবগঞ্জ উপজেলার সাত হাজার ৪৭২ হেক্টর জমির আউশ ধান ও অন্য ফসল বন্যার পানিতে ডুবে গেছে। এসব ফসলের ৬০ ভাগের বেশি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, বন্যা দুর্গত মানুষের মধ্যে এক সপ্তাহ ধরে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে শিবগঞ্জের পাকা, সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলি, চরবাগডাঙ্গা, দেবীনগর ইউনিয়নের এক হাজার ৫০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।