
তিন পার্বত্য জেলায় ফলের উৎপাদন বাড়াতে মিশ্র ফল চাষ প্রকল্প হাতে নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প চলবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বেশ কিছু প্রত্যন্ত গ্রামে। এসব গ্রাম থেকে ২০ জন করে উপকারভোগী বাছাই করে ফলের বাগান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় মিশ্র ফল চাষ প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ৩৭ কোটি টাকা ব্যয়ের পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প শেষ হবে ২০২০ সালে। প্রকল্পে উপকারভোগী হবে তিন পার্বত্য জেলার পাঁচ হাজার পরিবার। প্রকল্পের আওতায় প্রতি গ্রামে এক একর ৫০ শতক জায়গায় বাগান করতে পরবে এমন ১০টি পরিবার ও ৭৫ শতক জায়গায় বাগান করার সামর্থ্য আছে এ রকম আরও ১০টি পরিবারকে সুবিধাভোগী হিসেবে নির্বাচন করা হবে। প্রতিটি গ্রামের মোট ২০টি পরিবারকে ফলের চারা ও কৃষি প্রযুক্তি দিয়ে বাগান গড়ে তুলতে সহায়তা দেওয়া হবে।
প্রকল্পের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক পর্যায়ে ৭৫ শতক জায়গায় বাগান করবেন এমন উপকারভোগী প্রতিটি পরিবারকে উচ্চফলনশীল আম, লিচু, মাল্টা, শজনে, লেবু, আনারস, পেঁপে, কাজু বাদাম, আপেল, তাইওয়ানি কুল, জলপাই, আমলকী, জাম্বুরা, মিষ্টি তেঁতুল, নিম, হরীতকী ও বয়রার চারা এবং কলম দেওয়া হবে।
প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজও এর মধ্যে শুরু হয়ে গেছে। এর অংশ হিসেবে ১৮ জুলাই রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বেতছড়ি মৌজার চাষিদের মাঝে ফলের কলম ও চারা বিতরণ করা হয়। বেতছড়ি বৌদ্ধবিহার প্রাঙ্গণে কলম ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা। তিনি বলেন, পার্বত্য এলাকার উপযোগী মিশ্র ফল চাষসহ গাভি পালন, বাঁশ-বেত বাগান সৃজনের প্রকল্প এ বছর থেকে শুরু হয়েছে। যেসব প্রত্যন্ত এলাকায় আগামী ১০-১৫ বছরেও বিদ্যুৎ–সংযোগ দেওয়া সম্ভব নয়, সেসব এলাকায় সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। উৎপাদিত পণ্য পরিবহন ও বাজারজাত করার সুবিধার্থে যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে উন্নয়ন বোর্ড কাজ করে যাবে।