পাঁচ হাজার পর্যটক আটকা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করায় প্রায় পাঁচ হাজার দেশি-বিদেশি পর্যটক গতকাল রোববার থেকে কক্সবাজার শহরে আটকা পড়েছেন। গতকাল সকালে কয়েকজন পর্যটক মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রামু, চৌমুহনী, ঈদগাঁও, খরুলিয়া, বাংলাবাজারসহ বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের হাতে নাজেহাল হন। ধর্মঘটের কারণে পর্যটকসহ হাজার হাজার মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।চট্টগ্রাম আন্তজেলা বাসমালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, ২৫ মার্চ শাহ আমিন পরিবহনের একটি বাসের চাপায় বাংলাবাজারে এক স্কুলছাত্র নিহত হয়। এ ঘটনায় কতিপয় রাজনৈতিক নেতা সমঝোতার নামে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তাঁদের দাবি পূরণে অপারগতা প্রকাশ করা হলে নেতারা শাহ আমিন বাস কক্সবাজারে ঢুকলে ভাঙচুর করার হুমকি দেন। তাই ঝুঁকি নিয়ে বাস চালানোর পরিবর্তে ন্যায়বিচারের স্বার্থে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আজ সোমবারের মধ্যে এর সুরাহা করা না হলে আগামী মঙ্গলবার সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামে ধর্মঘট সম্প্রসারণ করা হবে।ধর্মঘটের কারণে গতকাল সকাল থেকে কক্সবাজার শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়তে পারেনি। সকাল সাতটা থেকে শত শত পর্যটক গ্রিন লাইন, সোহাগ, এস আলম, সৌদিয়া, শ্যামলী, মডার্ন লাইনসহ বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টারে জড়ো হন। এ সময় কয়েকজন পর্যটক ক্ষোভের সঙ্গে জানান, কাল (আজ সোমবার) সকালের মধ্যে ঢাকায় পৌঁছাতে না পারলে তাঁদের বড় ক্ষতি হয়ে যাবে। তা ছাড়া কক্সবাজারে থেকে যাবার মতো হোটেল ভাড়া খরচের টাকা তাঁদের হাতে নেই।